বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন এই বিএনপি নেতাকে দেখতে যান তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএমইউর কেবিন ব্লকে ডা. রফিকুল ইসলামের শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ডা. রফিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. রফিকুল ইসলাম গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার চিকিৎসার জন্য গত ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার চিকিৎসা নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে চলছে এবং প্রয়োজনীয় সব মেডিকেল সাপোর্ট প্রদান করা হচ্ছে।
বিএনপি মহাসচিবের পরিদর্শনের সময় বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞাসহ হাসপাতালের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, গত রোববার ডা. রফিকুল ইসলামকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ডা. রফিকুল ও তার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
অপরাধ ও দুর্নীতি: কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু আজ
অপরাধ ও দুর্নীতি: নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি জব্দ