সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ও এ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাষ্ট্রপতির বর্তমান অবস্থান ও আগের বক্তব্যের মধ্যে বৈপরীত্য রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, এদেশের মানুষ অবুঝ নয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না।
মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির রাষ্ট্রপতির ওই সাক্ষাৎকারের সূত্র ধরে নিজের প্রতিক্রিয়া দেন।
সেখানে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন এবং আগের দেওয়া বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের মিল নেই।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, ৫ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের সামনে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা জানিয়েছিলেন, বর্তমান সাক্ষাৎকারে তিনি তা অস্বীকার করেছেন। সে সময় তিনি যে অবস্থান নিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তার প্রতিফলন নেই বলে দাবি করেন জামায়াত আমির।
জামায়াত আমির আরও বলেন, কোটি কোটি মানুষ সেদিন রাষ্ট্রপতির মুখ থেকে যা শুনেছিল আর তিনি এখন যা বলছেন। এই দুইয়ের মধ্যে যে বিস্তর ফারাক তৈরি হয়েছে, তার হিসাব রাষ্ট্রপতি নিজেই মেলাবেন কি না, সেটি একটি বড় প্রশ্ন। দেশের সাধারণ মানুষ সবকিছু পর্যবেক্ষণ করছে এবং তারা এতটাও অবুঝ নয় যে সত্য-মিথ্যার পার্থক্য বুঝবে না।
রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে এই ধরনের অসংলগ্ন আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
অর্থ-বাণিজ্য: অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ