image

আইসিসি-বিসিবি রুদ্ধদ্বার বৈঠক: আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের "নাটকীয়" প্রস্তাব বিসিবির

ক্রীড়া বার্তা পরিবেশক

​২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে বিসিবির হাইভোল্টেজ বৈঠক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের "নাটকীয়" প্রস্তাব দিয়েছে বিসিবি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে বিসিবি তাদের পুরোনো অবস্থানে অনড় থেকে আইসিসিকে এই প্রস্তাব দিয়েছে।

বিসিবি প্রস্তাব করেছে যে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করে আয়ারল্যান্ডের সঙ্গে অদলবদল করা হোক, যাতে করে বাংলাদেশ তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সুযোগ পায়।

​বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে যার ম্যাচগুলো ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে, আয়ারল্যান্ড রয়েছে ‘বি’ গ্রুপে, যাদের গ্রুপ পর্বের সব খেলা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে।

বিসিবি যুক্তি দিয়েছে যে, যদি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদল করা হয়, তবে কোনো বড় ধরনের লজিস্টিক বিপর্যয় ছাড়াই বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত ভেন্যু শ্রীলঙ্কায় খেলতে পারবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, সরকারি নির্দেশনা ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা কোনোভাবেই ভারতে খেলতে রাজি নন।

​বৈঠকে আইসিসির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তবে ভিসা জটিলতার কারণে আইসিসির ইভেন্ট বিভাগের প্রধান গৌরব সাক্সেনা স্বশরীরে উপস্থিত হতে না পেরে ভার্চুয়ালি যুক্ত হন।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে এই ধরনের পরিবর্তন অত্যন্ত কঠিন এবং এটি অন্য দেশগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে।

ইতিমধ্যে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড (সিআই) এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা তাদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কাতেই খেলবে এবং সূচি পরিবর্তনের কোনো আশ্বাস তারা আইসিসি থেকে পায়নি।

​বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আলোচনা অত্যন্ত ‘সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক’ পরিবেশে সম্পন্ন হয়েছে। আইসিসি ও বিসিবি উভয় পক্ষই সংকটের সমাধানে সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। আইসিসি প্রতিনিধি অ্যান্ড্রু এফগ্রেভ আজ রোববার (১৮ জানুয়ারি) সকা‌লে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দি‌বে। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, তারা বিশ্বকাপ বর্জন করতে চায় না, তবে খেলার ভেন্যু অবশ্যই ভারতের বাইরে হতে হবে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে বড় পতন