সাত বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতেছিল পাকিস্তান। একদিন পর লাহোরে জয়ের ধারা ধরে রাখলো স্বাগতিকরা। সালমান আগা ও উসমান খানের হাফ সেঞ্চুরিতে বড় স্কোর করে তারা। তারপর আবরার আহমেদ ও শাদাব খানের বোলিংয়ে একশ রান অতিক্রম করেই অলআউট হয় অস্ট্রেলিয়া।
শনিবার,(৩১ জানুয়ারী ২০২৬) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে জিতেছে পাকিস্তান। আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান করে তারা। তারপর ১৫.৪ ওভারে ১০৮ রানে সফরকারীদের গুটিয়ে দিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। সালমান ৪০ বলে করেন ৭৬ রান। উসমানের ব্যাটে আসে ৩৬ বলে ৫৩ রান। ৫ উইকেট হারিয়ে প্রায় ২শ’ রান তোলে পাকিস্তান।
অস্ট্রেলিয়া ব্যাটিং ধসের মুখে পড়ে। ৫৪ রান করতেই নেই অর্ধেক ব্যাটার। বাকি পাঁচ উইকেট তারা হারিয়েছে ৫৪ রান করতেই।
স্রেফ ১৪ রান দিয়ে তিন উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ। সমান তিনটি উইকেট নিতে ২৬ রান খরচ করেন আরেক লেগ স্পিনার শাদাব খান। দুটি প্রাপ্তি অফ স্পিনার উসমান তারিকের। অফ স্পিনে সাইম আইয়ুব ও বাঁহাতি স্পিনে মোহাম্মাদ নাওয়াজ একটি করে শিকার ধরেন।
টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত বছর পর টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের স্বাদ পেল তারা। ২০১৮ সালে তিন ম্যাচের সিরিজে তাসমান সাগর পারের দলটিকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।
একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১৯৮/৫ (সাহিবজাদা ৫, সাইম ২৩, সালমান ৭৬, বাবর ২, উসমান ৫৩, শাদাব ২৮*, নাওয়াজ ৯*; বার্টলেট ১/৫২, কুনেমান ১/৪০, কনোলি ১/৩০, অ্যাবট ১/৩৩, জ্যাম্পা ১/২৭)। অস্ট্রেলিয়া ১৫.৪ ওভারে ১০৮ (মার্শ ১৮, হেড ৪, গ্রিন ৩৫, ইংলিস ৫, রেনশ ২, কনোলি ১, শর্ট ২৭, বার্টলেট ১০, অ্যাবট ০, কুনেমান ২, জ্যাম্পা ৩*; সাইম ১/৩২, আবরার ৩/১৪, নাওয়াজ ১/১১, শাদাব ৩/২৬, উসমান ২/১৬)। ম্যাচ সেরা: সালমান আলী আগা
সারাদেশ: সোনারগাঁয়ে শীতকালীন পিঠা উৎসব