image

নতুন বিরোধে আইসিসি ও ডব্লিউসিএ

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে।

মূলত খেলোয়াড়দের ছবি, নাম ও বাণিজ্যিক স্বত্ব ব্যবহারের শর্তাবলি নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত। ডব্লিউসিএ অভিযোগ করেছে যে, আইসিসি আসন্ন বিশ্বকাপের জন্য যে শর্তাবলি পাঠিয়েছে, তা ২০২৪ সালে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির সঙ্গে সাংঘর্ষিক এবং অনেক বেশি শোষণমূলক।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে জানা গেছে, ক্রিকেটারদের সংগঠনটির দাবি, নতুন এই শর্তাবলিতে খেলোয়াড়দের সুরক্ষাকবচগুলো হালকা করা হয়েছে।

ডব্লিউসিএ এর প্রধান নির্বাহী টম মোফাট জানিয়েছেন, আইসিসির পাঠানো সংস্করণে অন্তত আটটি বড় ধরনের পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, খেলোয়াড়দের সম্মতি ছাড়াই তাদের নাম ও ছবি বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে এবং এই অনুমোদনের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জাতীয় বোর্ডগুলোর হাতে। সংগঠনটি মনে করছে, এটি আইনিভাবে বাধ্যতামূলক আগের চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, আইসিসি এই অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির দাবি, ২০২৪ সালের চুক্তিটি কেবল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাসহ আটটি নির্দিষ্ট বোর্ডের (এনজিবি) জন্য প্রযোজ্য ছিল। বাকি ১২টি অংশগ্রহণকারী দেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়। বিশেষ করে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো ডব্লিউসিএকে স্বীকৃতি দেয় না বলে আইসিসি এই ভিন্ন অবস্থান নিয়েছে। তবে ডব্লিউসিএ পাল্টা যুক্তি দিয়ে বলছে, কোনো দেশ টুর্নামেন্টে অংশগ্রহণ করুক বা না করুক, তাদের সঙ্গে চুক্তিবদ্ধ সকল খেলোয়াড়ের ক্ষেত্রে আগের নীতিমালাটিই বলবৎ থাকা উচিত।

ক্রিকেটারদের এই অভিভাবক সংস্থা আরও জানিয়েছে, তারা বিশ্বকাপের মতো বড় আসরকে বাধাগ্রস্ত করতে চায় না। তবে আইসিসি যাতে আগের চুক্তির শর্তগুলোকে সম্মান জানায়, সেই দাবিতে তারা অনড়। ডব্লিউসিএ এর পক্ষ থেকে এ বিষয়ে আইসিসিকে একটি চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি