বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় জাতীয় ক্রিকেটাদের এখন চলছে অপ্রত্যাশিত অবসর। ফাঁকা সেই সময়ের কিছুটা কাজে লাগাতে ছোট্ট একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। ধূমকেতু-দুর্বার-দুরন্ত তিন দলের টুর্নামেন্টের নাম ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।’ প্রাইজমানি ও ফি মিলিয়ে মোট আড়াই কোটি টাকার টুর্নামেন্টে প্রাথমিক পর্বে তিন দল পরস্পরের মুখোমুখি হবে একবার করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ তিনটি হবে আগামী ৫, ৭ ও ৯ ফেব্রুয়ারি। শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল ৯ ফেব্রুয়ারি।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস, দুর্বার একাদশের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত ও দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী।
তিন দলের কোচিং স্টাফ অবশ্য চূড়ান্ত করা হয়েছে। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান, সহকারী কোচ তুষার ইমরান এবং দুর্দান্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ আলম।
ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রতি ম্যাচের আগে বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ম্যাচগুলোর টিকেটের মূল্য পূর্ব গ্যালারি ১০০ টাকা, সাউদার্ন ও নর্দান গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা।
বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছিল, তাদের মধ্যে ১৩ জনকে নিয়ে গড়া হয়েছে ধূমকেতু একাদশ। নেতৃত্বে থাকছেন জাতীয় টি-২০ দলের অধিনায়ক লিটন দাস।
বিশ্বকাপের দল থেকে কেবল নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলবেন দুর্বার একাদশে। এ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মূলত জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রা আছেন দলটিতে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী পেয়েছেন দুরন্ত একাদশের নেতৃত্ব। জাতীয় দলের আশেপাশের কয়েকজন থাকলেও এ দলে রয়েছেন মূলত উঠতি ও প্রতিভাবান ক্রিকেটাররা।
তিন দলের এই টি-২০ টুর্নামেন্টটি চলবে পাঁচদিন। উদ্বোধনী ম্যাচে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে ধূমকেতু ও দুরন্ত। পরদিন ধূমকেতু লড়বে দুর্বারের বিপক্ষে। আর শনিবার দুরন্ত মোকাবিলা করবে দুর্বারকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি।
প্রাইজমানি ও ফি মিলিয়ে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ মোট ২ কোটি ৫০ লাখ টাকার টুর্নামেন্ট। খেলায় নতুন মাত্রা যোগ করতে থাকবে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম।
ধূমকেতু একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশ
জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।