সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল
ভারতকে হারিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে রাউন্ড রবিন লীগে ভারতকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অপির্তা বিশ্বাস সুযোগসন্ধানী শটে দলকে নিলেন এগিয়ে। এরপর ব্যবধান দ্বিগুণ করলেন আলপি আক্তার।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিটার জেমস বাটলারের দল।
নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত পেল প্রথম হারের স্বাদ। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
ম্যাচের শুরু থেকে বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকে ভারত, কিন্তু পোস্টে ইয়ারজান ছিলেন বিশ্বস্ত দেয়াল হয়ে। চতুর্থ মিনিটে জাদা ফের্নান্দেসের ফ্রি কিক অনেকটা লাফিয়ে আটকান তিনি।
পরের মিনিটে ফের আক্রমণ শাণায় ভারত। বাম দিক থেকে আসা থ্রু পাস প্রীতিকা বর্মন ধরার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে তার পথ আগলে দাঁড়ান ইয়ারজান। তাতে শট নেয়ার জায়গা সংকুচিত হয়ে পড়ে। ইয়ারজানের পাশ দিয়ে প্রীতিকা শট নিলেও বল বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। অষ্টম মিনিটে কোনোমতে আরেকটি শট ঠেকিয়ে তিনি আবারও ত্রাতা বাংলাদেশের।
২২তম মিনিটে প্রথম আক্রমণে ওঠে বাংলাদেশ। কিন্তু মামনি চাকমার বক্সে আসা বলের নাগাল পাননি সুরভি আকন্দ প্রীতি। তবে এরপর থেকে ভারতের রক্ষণে চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। সাত মিনিট পর মিলে যায় কাক্সিক্ষত গোলও। মামনি চাকমার ফ্রি কিক ভারতের গোলকিপার মুন্নির গ্লাভস হয়ে ক্রসবারে লেগে নিচে পড়ে। শেষ মুহূর্তেও পা চালিয়ে তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন বিপদমুক্ত করার, কিন্তু গোলমুখে থাকা বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস টোকায় খুঁজে নেন জাল।
ভুটানকে ১২-০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে ৪০ মিনিটে। ডানদিক থেকে গোলমুখে বাড়ানো সতীর্থের ক্রস দুই ডিফেন্ডারের ফাঁকে থাকা আলপি নিখুঁত টোকায় জালে পাঠান। চলতি নারী ফুটবল লীগে রাজশাহী স্টারসের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করা আলপি এই টুর্নামেন্টেও ৪ গোল নিয়ে এখন পর্যন্ত মুনকির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
দ্বিতীয়ার্ধে চোটের কারণে মাঠ ছাড়তে হয় সৌরভী আকন্দ প্রীতিকে, তার স্থলাভিষিক্ত হন মমিতা।
৫৬ মিনিটে মুনকির বাম পায়ের শট লাফিয়ে আটকে ব্যবধান বাড়তে দেননি গোলকিপার মুন্নি। এরপর বাংলাদেশের আক্রমণের গতি কমে কিছুটা। গোল করার চেয়ে বলের নিয়ন্ত্রণ রেখে দুই গোল আগলে রাখার দিকেই যেন মনোযোগ দেয় দল। বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরি মিলিয়ে ছয়বার মাঠে গড়িয়েছে। বাংলাদেশ চারবার এবং ভারত একবার এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালের আসরেও যৌথভাবে সেরা হয়েছিল বাংলাদেশ ও ভারত।
রাউন্ড রবিন লীগে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।