টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই সিরিজ জিতে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে ইংল্যান্ড। গতকাল রোববার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে তারা। টম ব্যান্টনের অপরাজিত হাফ সেঞ্চুরি ও হ্যারি ব্রুকের ঝড়ো ইনিংসে ভর করে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তারপর বৃষ্টিতে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকায় ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১৬৮ রান। সেই লক্ষ্য ৪ উইকেট হারিয়ে দুই বল হাতে রেখেই স্পর্শ করেছে ইংল্যান্ড।
লঙ্কানদের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন পাথুম নিসাঙ্কা (৩৪), কামিল মিশারা (৩৬), কুশল মেন্ডিস (৩২) ও পাভান রত্নায়েকে (৪০)। আসালাঙ্কার ব্যাট থেকেও আসে ২৮* রান।
ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড প্রথম ওভারে ফিল সল্টের উেইকেট হারায়। পঞ্চম ওভারে আউট হন জ্যাকব বেথেল (১৩)। তাতে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৩৮। তারপর অবশ্য জশ বাটলার ২৯ বলে ৩৯ রানে ইনিংস সামাল দিয়েছেন। তবে চার নম্বরে নামা টম ব্যান্টন ও অধিনায়ক হ্যারি ব্রুক-ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাদের ব্যাটে টানা সাত ওভারে দুই অঙ্কের ঘরে পৌঁছায় ইংল্যান্ড। ব্রুক ফেরার আগে মাত্র ১২ বলে ৩৬ রান করেন। তার মধ্যে ছিল দুই চার ও চার ছক্কা। অন্যপ্রান্তে ব্যান্টন তিন ছক্কা ও চারটি চারে ৩৩ বলে করেন অপরাজিত ৫৪ রান। ম্যাচসেরাও হন তিনি। জয়ের পথে স্যাম কারানের সঙ্গে ২৫ বলে ৪৩ রানের অপরাজিত জুটি গড়েন ব্যান্টন। কারান ১৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন। আজ সিরিজের শেষ ম্যাচ।