image

জাহানারার করা গুরুতর অভিযোগের তদন্ত শেষ, প্রতিবেদন বিসিবির হাতে

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জমা পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার বিসিবি সভাপতির কাছে এই তদন্ত রিপোর্ট হস্তান্তর করা হয়।

ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ বিষয়টি নিশ্চিত করেছে। তবে তদন্ত প্রতিবেদনে ঠিক কী তথ্য উঠে এসেছে বা কার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে, সে বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বেশ কয়েকবার সময় বাড়ানো হয়েছিল। সবশেষ সময়সীমা ৩১ জানুয়ারি নির্ধারিত থাকলেও তার কয়েকদিন পর এই রিপোর্ট জমা পড়ল। মূলত অস্ট্রেলিয়া সফর চলাকালেই বিসিবির কাছে এই গুরুতর অভিযোগটি করেছিলেন জাহানারা। অভিযোগটি দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিসিবি প্রথমে জানিয়েছিল যে তারা ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করবে, তবে পরিস্থিতির জটিলতা বিবেচনায় তিন দফায় সময় বাড়ানো হয়।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ তোলেন। জাহানারার সেই অভিযোগের পরই নড়েচড়ে বসে বোর্ড প্রশাসন এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ শেষে এখন প্রতিবেদনটি বিসিবির টেবিলে। এখন দেখার বিষয়, এই প্রতিবেদনের ভিত্তিতে বিসিবি দোষীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করে কি না।

‘খেলা’ : আরও খবর

» টি-২০ চ্যালেঞ্জ কাপে জিতেছে অগ্রণী-অপরাজেয়-অদম্য

সম্প্রতি