কোপা দেল রে-তে আলবাসেতের রূপকথার পথচলা থামিয়ে শেষ চারে নিজেদের জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে দাপুটে ফুটবল খেলে আলবাসেতেকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। বার্সার হয়ে স্কোরশিটে নাম তুলেছেন তরুণ লামিন ইয়ামাল ও রক্ষণভাগের সেনানী রোনাল্ড আরাউহো।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আলবাসেতেকে চাপে রাখে লা লিগার টেবিল টপাররা। ২০০৫ সালের পর প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে বার্সাই ছিল ফেভারিট। ম্যাচের অষ্টম মিনিটেই সুযোগ তৈরি করেছিলেন দানি ওলমো, তবে তার পাস থেকে র্যাশফোর্ডের শট লক্ষ্যভ্রষ্ট হলে লিড নেওয়া হয়নি বার্সার। তবে গোলের জন্য কাতালানদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পান ইয়ামাল। চলতি আসরে এটিই ছিল এই উদীয়মান তারকার প্রথম গোল।
বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করতে মরিয়া হয়ে ওঠে বার্সা। ম্যাচের ৫৬ মিনিটে র্যাশফোর্ডের নেওয়া নিখুঁত কর্নার কিকে দারুণ এক হেডে বল জালে জড়ান রোনাল্ড আরাউহো। ২-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আগের রাউন্ডে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দেওয়া আলবাসেতে। ম্যাচের ৮৭ মিনিটে হাভি মোরেনোর সান্ত্বনাসূচক গোলটি স্বাগতিক শিবিরে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি তারা।
ম্যাচের যোগ করা সময়ে ফেরান তোরেস বার্সার হয়ে তৃতীয় গোলটি করলেও অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে আলবাসেতের চমকপ্রদ অগ্রযাত্রার অবসান ঘটিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ জায়ান্টরা।