image

আইসিসি ‘জিম্মি’, নতুন সংস্থার ডাক পাকিস্তানের: পিসিবিকে নিয়ে আইসিসির বিশেষ তোড়জোড়

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক ও ক্রিকেটীয় উত্তেজনা এক ভিন্ন মাত্রায় গিয়েছে। পাকিস্তান সরকার তাদের জাতীয় দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন কঠোর বার্তার পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বড় ধরনের সংকটে পড়েছে। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে লাভজনক এই ম্যাচটি আয়োজনে এখন মরিয়া হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিস্ফোরক মন্তব্যে বর্তমান আইসিসিকে ‘ভারতীয় রাজনৈতিক প্রভাবের কাছে জিম্মি’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি ক্রিকেটের স্পিরিট রক্ষায় নতুন একটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা গঠনের জোরালো দাবি তোলেন।

তার মতে, দক্ষিণ এশিয়ায় আইসিসি এখন নির্দিষ্ট একটি দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত, যা ক্রিকেটের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ করে আইসিসির বর্তমান চেয়ারম্যান পদে জয় শাহ’র থাকা এবং আইপিএল কেন্দ্রিক বিশাল অর্থনৈতিক আধিপত্য আইসিসির ওপর ভারতের প্রভাবকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এই কঠোর অবস্থানের ফলে বাণিজ্যিক দিক থেকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে আইসিসি। সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আইসিসির যে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, তার একটি বড় অংশ জুড়ে থাকে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপন ও দর্শকপ্রিয়তা। এই ম্যাচটি না হলে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসি আইনি জটিলতায় পড়তে পারে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আইসিসি চেয়ারম্যানের ডেপুটি ইমরান খাজাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পিসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন যাতে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার জন্য রাজি করানো যায়।

প্রসঙ্গত, রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হচ্ছে না। কেবল আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টগুলোতেই তারা মুখোমুখি হয়ে থাকে। তবে এবারের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে ফাটল তৈরি হলো। একদিকে আইসিসি যেমন মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে পাকিস্তান তাদের দাবিতে অনড় থাকায় বিশ্বকাপের ভবিষ্যৎ ও জৌলুস নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। আইসিসির আয়ের বড় একটি অংশ ভারতের বাজার থেকে আসায় সংস্থাটি কতটুকু নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে, তা নিয়েও এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

‘খেলা’ : আরও খবর

» টি-২০ চ্যালেঞ্জ কাপে জিতেছে অগ্রণী-অপরাজেয়-অদম্য

সম্প্রতি