সাফ অ-১৯ নারী ফুটবল
বাংলাদেশ ৪ : নেপাল ০
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। বুধবার,(০৪ ফেব্রুয়ারী ২০২৬) স্বাগতিক নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেন অর্পিতা বিশ্বসরা। পোখরা রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচে আলপি আক্তারের হ্যাটট্রিকে বাংলাদেশ স্বাগতিকদের হারিয়েছে ৪-০ গোলে। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশ। ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। নাটকীয় সেই ফাইনালে হারাতে পারেনি কেউ কাউকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ ও টাইব্রেকারের ১১-১১ গোলে সমতার পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ। দুই বছর পর আবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
বুধবার দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে অপেক্ষায় ছিল বাংলাদেশ ও নেপাল ম্যাচের। নেপাল বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে পারতো। তবে নেপাল হেরে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে ফাইনাল নিশ্চিত হয় ভারতেরও।
শেষ ম্যাচে পিটার বাটলারের দল নেপালের বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলেই জিতে মাঠ ছেড়েছে। তৃতীয় মিনিটে মিরা খাতুনের গোলে এগিয়ে যাওয়া এবং বিরতির ঠিক আগে আলপি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। আলপি আক্তার নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ৬৬ মিনিটে। ৮২ মিনিটে আলপি হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশের জয়ের ব্যবধান বেড়ে হয় ৪-০। লীগ ভিত্তিতে খেলার পর বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এবং ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে আগামী শনিবার বিকেল তিনটায়।
সারাদেশ: চট্টগ্রাম বন্দরে আজও অচলাবস্থা