নিরাপত্তাজনিত কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপে ম্যাচ খেলার বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। পরে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অর্ন্তভুক্ত করে। যা নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রকাশ্যে এমন মন্তব্য করায় বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তাকে ধন্যবাদ দিয়েছেন। দেশটির ম্যাচ বয়কটের কথা জানানোর পর পাকিস্তান সরকার কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনও কর্মকর্তা এই প্রথম প্রকাশ্যে ম্যাচ বয়কটের কারণ ব্যাখ্যা করেছেন। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আসিফ নজরুল শুরুতেই পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’
তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যদের দেয়া বক্তব্যকে উদ্ধৃত করেছেন তিনি। যেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে তার দেশ ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না। কারণ খেলার মাঠে কোনও রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’