image
পাকিস্তানের অধিনায়ক সালমান আগা

টি-২০ বিশ্বকাপ

‘সেমি বা ফাইনালে ভারতের মুখোমুখি হলে সরকারের পরামর্শ নেবে পাকিস্তান’

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ সরকারি সিদ্ধান্তে বয়কট করেছে পাকিস্তান। গ্রুপের সমীকরণ সহজ হওয়ায় এটা তাদের বিশ্বকাপ স্বপ্নে প্রভাব হয়ত তেমন ফেলবে না। তবে নকআউট পর্বে যদি সামনে আসে ভারত, তখন? পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা জানান, যেহেতু বিষয়টা তাদের নিয়ন্ত্রণে নেই কাজেই সরকারের পরামর্শ মেনেই চলতে হবে।

সব জল্পনা ছাপিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে কলম্বো গিয়েছে পাকিস্তান দল। তবে তাদের দল বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই দেশটির সরকার জানায়, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না তারা।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) কলম্বোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালমান নকআউট ম্যাচ নিয়ে ব্যাখ্যা দেন। এবারের বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই রাজনৈতিক টানাপড়েন চলছে। বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া এবং গ্রুপ ‘এ’-র ম্যাচে সহ-আয়োজক ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলতে অস্বীকৃতি জানানোর ঘটনায় আসরটিতে লেগেছে রাজনৈতিক রঙ। তবে দক্ষিণ এশিয়ার এই দুই বৈরী প্রতিবেশীর মধ্যে সেমিফাইনাল বা ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।

ভারতের সঙ্গে ম্যাচ প্রসঙ্গে সালমান আগা বলেন, ‘ভারতের সঙ্গে খেলা আমাদের হাতে নেই। এটি সরকারের সিদ্ধান্ত ছিল। যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের সঙ্গে খেলতে হয়, তবে আমরা আবার সরকারের কাছে যাব এবং তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেব।’

নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে আইসিসি গ্রুপ ‘সি’ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। পাকিস্তান তখন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবিকে সমর্থন করেছিল। পরবর্তীতে ইসলামাবাদ সরকার তাদের জাতীয় দলকে বিশ্বকাপে অংশ নেয়ার অনুমতি দিলেও আগামী ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে না নামার নির্দেশ দেয়।

বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আগা বলেন, ‘বাংলাদেশ এখানে নেই, এটা দুঃখজনক। তাদের দলটি বেশ শক্তিশালী। আশা করি, তারা আমাদের সমর্থন জোগাবে।’

এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। কেবল আইসিসি বা বহুজাতিক টুর্নামেন্টগুলোতেই তারা একে অপরের মুখোমুখি হয়। এই ম্যাচ নিয়ে সম্প্রচারকারীদের বিপুল আগ্রহ আছে।

‘খেলা’ : আরও খবর

» ভিসা জটিলতায় সৌদি আরবে যেতে পারেননি সাইক্লিস্টরা

সম্প্রতি