পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ১১তম আসরে খেলার জন্য সরাসরি চুক্তিতে বাংলাদেশ বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে পিএসএলের আগামী আসরে লাহোরের হয়ে খেলবেন ফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিজকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
এক পোস্টে লাহোর জানায়, ‘মোস্তাফিজুর রহমানকে এর আগে ২০১৬ এবং ২০১৮ সালেও দলে নেয়া হয়েছিল। এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়ে আমাদের পরিবারে ফিরে এসেছেন। একবার কালান্দার হলে চিরকাল কালান্দার। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নেয়া হয়েছে।’
২০১৬ লাহোর দলে থাকলেও খেলার সুযোগ পাননি মুস্তাফিজ। ২০১৮ আসরে লাহোরের হয়ে ৫ ম্যাচ খেলে ওভারপ্রতি ৬.৪৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পিএসএলের আগের দশ আসর ড্রাফট পদ্ধতিতে হলেও প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি ।
নতুন দু’টি দল যুক্ত হওয়ায় আগামী আসরে ৮টি দল নিয়ে পিএসএল মাঠে গড়াবে। ২৩ মার্চ থেকে শুরু হবে পিএসএলের একাদশ আসর।
রেকর্ড অর্থে পিএসএলে স্মিথ
পাকিস্তান সুপার লীগের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার টি-২০ দলে তিনি সুযোগ পান না। তবে বিগ ব্যাশ লীগে এবার দারুণ খেলেছেন স্মিথ।
পিএসএলের ১১তম সংস্করণের জন্য শিয়ালকোট স্ট্যালিওনজ স্মিথকে রেকর্ড রুপিতে কিনেছে। ২০২৫ আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন স্মিথ। প্রসঙ্গত, ২০২৬ পিএসএলে যে দুটি নতুন দল এসেছে, তার একটি শিয়ালকোট। নিলামের আগেই সরাসরি স্মিথকে তুলে নিয়েছে।
১৪ কোটিরও বেশি রুপিতে স্মিথকে কিনেছে শিয়ালকোট। পিএসএলে বাবর আজম, শাহিন আফ্রিদি, সাদাব খান, আবরার আহমেদরা ৭ কোটির মতো পান। এদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন স্মিথ।
শিয়ালকোট ও অপর নতুন দল কিংসম্যান হায়দরাবাদের হাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে সরাসরি ক্রিকেটার কেনার। এরপর ১১ ফেব্রুয়ারি আট দলকে নিয়ে হবে আইপিএলের নিলাম পর্ব।