বেশ কয়েকজন শীর্ষস্থানীয় পেসারের অনুপস্থিতি সত্ত্বেও আসন্ন টি-২০ বিশ্বকাপে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যান আরেক পেসার প্যাট কামিন্স। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপের শুরু থেকে খেলতে পারবেন না পেসার জশ হ্যাজেলউড। তাই শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন পেসার না থাকার পরও আসন্ন বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া।
কলম্বোতে অধিনায়কদের আলোচনা সভায় সাংবাদিকদের এ কথা বলেন মার্শ। তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ এটা সত্যি যে, আমাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্বকাপে পাবো না। তারপরও আমরা ভালো পারফরমেন্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
সদ্য পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় অসিরা।
পাকিস্তানের কাছে সিরিজ হার বিশ্বকাপে প্রভাব ফেলবে না বলে মনে করেন মার্শ। তিনি বলেন, ‘আমাদের এখানে বেশ কিছু খেলোয়াড় আছে যারা পাকিস্তান সিরিজে খেলেনি। বিশ্বকাপে নতুন লক্ষ্য নিয়ে দলের সবাই খেলতে নামবে। বিশ্বকাপের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়াই হবে প্রধান কাজ। আমরা বিশ্বকাপে ভালো পারফর্ম করার জন্য আত্মবিশ্বাসী।’
এখন পর্যন্ত মাত্র দু’বার টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলেও একবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ২০২১ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে মার্শের ৫০ বলে ৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংসে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলে অজিরা। এবার দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া অস্ট্রেলিয়া। মার্শ বলেন, ‘আমরা গত দেড় বছর ধরে টি-২০ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজিয়েছি। এবার সেই পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।’
বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া। গ্রুপে অসিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া।