গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তারপর এবার টি-টোয়েন্টির মেগা ইভেন্টের শিরোপা জিততে চান দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা। গত জুনে লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। এর মাধ্যমে প্রথমবারের মতো আইসিসির কোন বৈশ্বিক আসরের শিরোপা জিতেছিল প্রোটিয়ারা।
সংবাদমাধ্যমকে দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড বলেছেন, ‘গত বছর আমরা টেস্ট বিশ্বকাপের শিরোপা জিতেছি। এবার আমরা সাদা বলের বিশ্বকাপও ঘরে তুলতে চাই।’ এশিয়া উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় শিরোপা জয় চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন কনরাড। তিনি বলেন, ‘এশিয়ার মাটিতে খেলা সবসময়ই কঠিন। এবারও কোনো ব্যতিক্রম হবে না। তবে ছেলেরা যদি সেরা ক্রিকেট খেলতে পারে, তাহলে আরও একটি সাফল্য আমরা ঘরে তুলতে পারব।’
কনরাডের অধীনে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র আটটি ম্যাচে জয় এবং ১৩টিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তবে গেল সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। কনরাডের অধীনে প্রথমবারের মতো কোন দ্বিপাক্ষিক সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের আগে সিরিজ জয়ে দলের মনোবল চাঙ্গা হয়েছে বলে মনে করেন কনরাড। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে জয়ের মধ্যে থাকলে যেকোন দল আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমরাও ব্যতিক্রম নই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা সব বিভাগেই ভালো করেছি। তারপরও আমাদের আরও উন্নতি করতে হবে।’
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মতো বড় প্রতিপক্ষ থাকায় গ্রুপ পর্বের বাঁধা টপকানোই প্রধান লক্ষ্য বলে জানান কনরাড।
তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো- গ্রুপ পর্ব পার হওয়া এবং সুপার এইটের টিকেট নিশ্চিত করা।’
৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।