মূল লড়াইয়ের আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করবে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৩ রানে হারিয়েছে আফগানিস্তান। প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৬১ রানে হারিয়েছিল আফগানরা।
গতকাল বুধবার রাতে ব্যাঙ্গালুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ৫৩ বলে ৯০ রানের জুটি গড়েন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৪৩ রান তুলে ফিরেন গুরবাজ। ৩টি করে চার-ছক্কায় ৩৪ বল খেলে ৫১ রান করেন ইব্রাহিম। দলীয় ১১০ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর মিডল অর্ডারে দারউইশ রাসুলির ১৭ বলে ২৭ এবং আজমতুল্লাহ ওমারজাইর ১৫ বলে ৩৫ রানে চ্যালেঞ্জিং স্কোর করে আফগানরা।
জবাবে প্রতিপক্ষের বোলারদের তোপে ৮২ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান পাওয়েল ৩২ ও ব্র্যান্ডন কিং ১১ রান করেন। বাকি পাঁচ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। অষ্টম উইকেটে আফগানিস্তান বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন জেসন হোল্ডার ও ম্যাথু ফোর্ড। দু’জনের ৪১ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতেও হার এড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। ৪টি করে চার-ছক্কায় ২৬ বলে ফোর্ড অনবদ্য ৫২ রান করেন। ৩টি চারে ২৩ বলে ২৫ রানের অপরাজিত থাকেন হোল্ডার। ওমারজাই ও মুজিব ২টি করে উইকেট নেন।