এই প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়া মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ^কাপ। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্ট ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাচ্ছে।
উদ্বোধনী দিনে শনিবার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কলম্বোয় গ্রুপ ‘এ’-তে সকাল সাড়ে ১১টার ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বিকাল ৩টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ ‘সি’র ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর মুম্বাইয়ে দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।
এদিকে, উদ্বোধনী দিনে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরটি হতে যাচ্ছে ভিন্ন। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড এবার টানা পঞ্চমবারের মতো খেলতে নামছে। অন্যদিকে, ২০০৭ সালে টুর্নামেন্ট শুরুর পর এই প্রথমবার বিশ্বকাপ মিস করছে বাংলাদেশ।
এদিকে, পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের সরকারি সিদ্ধান্তও নিয়েছে।