image

বাংলাদেশের আতাহার ধারাভাষ্য প্যানেলে

ক্রীড়া বার্তা পরিবেশক

নিরাপত্তা শঙ্কায় ভারতে না যাওয়ায় এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না। তবে টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে থাকছেন আতাহার আলী খান। আইসিসির ঘোষিত তারকাখচিত ধারাভাষ্য প্যানেলে তিনি জায়গা করে নিয়েছেন।

এর আগে আম্পায়ারদের এলিট প্যানেল থেকে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আন্তর্জাতিক প্যানেল থেকে গাজী সোহেলের ম্যাচ অফিসিয়াল হিসেবে আসন্ন বিশ্বকাপে থাকা নিশ্চিত হয়েছিল। তাদের সঙ্গে তৃতীয় বাংলাদেশি হিসেবে যোগ দিচ্ছেন ধারাভাষ্যকার আতহার। টিভি ও ডিজিটাল সম্প্রচারের জন্য ধারাভাষ্য প্যানেলে থাকা ৪০ জনের নাম শুক্রবার,(০৬ ফেব্রুয়ারী ২০২৬) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি।

৬৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার আতাহার প্রায় দুই যুগের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিচ্ছেন। তবে এবার তিনি ভিন্ন পরিস্থিতির মুখোমুখি। কারণ, ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নেই বাংলাদেশ দল। তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার ও হার্শা ভোগলের মতো কিংবদন্তিদের সঙ্গে ধারাভাষ্য কক্ষে দেখা যাবে আতহারকে। এই সুপরিচিত মুখগুলোর পাশাপাশি রয়েছে কিছু চমক। প্রথমবারের মতো আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমার।

আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টে অনুষ্ঠেয় ৫৫টি ম্যাচে এই ধারাভাষ্যকাররা দায়িত্ব পালন করবেন। সংস্থাটির নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ‘আইসিসি টিভি’র কভারেজে ম্যাচের আগে, মাঝে ও পরের আলোচনার পাশাপাশি থাকবে প্রতিদিনের হাইলাইটস অনুষ্ঠান।

ধারাভাষ্যকারদের তালিকা

রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ওয়েন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনুস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এমপুমেলেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিনস, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, ক্যাস নাইডু, বাজিদ খান, রৌনক কাপুর, নায়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।

সম্প্রতি