image

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ইমরানের আক্ষেপ

ক্রীড়া বার্তা পরিবেশক

আগে স্বর্ণপদক জিতলেও এবার এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ফাইনালে উঠলতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার,(০৬ ফেব্রুয়ারী ২০২৬) চীনের তিয়ানজিনে ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে তিনটি হিট হয়েছিল। প্রতি হিটের প্রথম দুই জন ও তিন হিট মিলিয়ে সেরা দুই জন ফাইনালে উঠেছেন। ইমরান ৬.৭৫ টাইমিংয়ে নবম হয়ে ফাইনাল মিস করেন।

চীনের জিনজিয়ান ৬.৭৫ সেকেন্ড সময় নিয়ে সবশেষ অ্যাথলেট হিসাবে ফাইনাল নিশ্চিত করেন। এ নিয়ে আক্ষেপ করে চীন থেকে দেয়া এক বার্তায় ইমরান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি পারলাম না, এজন্য দুঃখিত। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরে ছিলাম। আমি আশাবাদী ছিলাম এখানে ভালো কিছু করার, চেষ্টাও করেছি। আশা করি, সামনে ভালো কিছু করব, সবার সমর্থন চাই।’

এর আগে ইমরানুর হিটে ৬.৭৩ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। সেমিফাইনালে তিনি হিটে করা টাইমিং করতে পারেননি। অষ্টম হয়ে ফাইনালে ওঠা চীনের জিনজিয়ান সময় নিয়েছেন ইমরানের চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড কম। ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে চমক দেখিয়েছিলেন ইমরানুর। অ্যাথলেটিকসে এশিয়ার শীর্ষ স্তরে যা বাংলাদেশের কোনো অ্যাথলেটের সর্বোচ্চ পদক। পরের বছর ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোরেও অংশ নিয়ে ইমরানুর ৬০ মিটার স্প্রিন্টে চতুর্থ হয়েছিলেন।

চোট সমস্যা কাটিয়ে গত আগস্টে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের মুকুটও পুনরুদ্ধার করেন ইমরানুর।

সম্প্রতি