টি-২০ বিশ্বকাপের দশম আসরে ‘সি’ গ্রুপে আজ ইংল্যান্ড ও নেপাল মুখোমুখি হবে। মুম্বাইয়ে দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচে ইংল্যান্ড ফেবারিট হলেও জয় দিয়ে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখাতে চায় নেপাল। আন্তর্জাতিক ক্রিকেটে কখনও দেখা হয়নি ইংল্যান্ড-নেপালের।
প্রথমবারের মতো নেপালের মুখোমুখি হবার কারণে সর্তক ইংল্যান্ড। এজন্য সতীর্থদের সাবধান করেছেন দলের অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি বলেন, ‘আমরা আগে কখনও নেপালের সাঙ্গে খেলিনি। তবে নেপালের খেলা দেখেছি । বিশ্বকাপ ম্যাচকে সামনে রেখে নেপালকে নিয়ে হোমওর্য়াকও করেছে দল, যাতে মাঠে সমস্যায় পড়তে না হয়।’
নেপাল ম্যাচকে সামনে রেখে ফিল সল্টকে নিয়ে চিন্তায় ছিল ইংল্যান্ড। তবে ইংলিশদের জন্য সুখবর হচ্ছে, নেপালের বিপক্ষে খেলার জন্য ফিট হয়ে উঠেছেন সল্ট। নিজেদের প্রথম ম্যাচের জন্য সল্টকে নিয়ে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। উইকেটরক্ষক জশ বাটলারের সাথে ইনিংস শুরু করবেন সল্ট। এই নিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপে খেলবে নেপাল। এর আগে ২০১৪ ও ২০২৪ সালে খেলেছিল তারা। নিজেদের প্রথম আসরে ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হার এবং গত আসরে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। নিজেদের দ্বিতীয় আসরে জয়শূন্য থাকায়, এবারের আসরে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে নেপাল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই অঘটনের জন্ম দিতে চায় নেপাল। দলের অধিনায়ক রোহিত পাউডেল বলেন, ‘আগের আসরে আমরা ভাল করতে পারিনি। আশা করছি, এবার আমরা ভালো ক্রিকেট খেলবো এবং সাফল্য নিয়ে বিশ্বকাপ শেষ করতে সক্ষম হব। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখাতে চায় দলের সবাই। কাজটি কঠিন হলেও আমাদের চেষ্টার কমতি থাকবে না।’