image

আইসিসি ও পাকিস্তানকে ধন্যবাদ জানাল বিসিবি

সংবাদ অনলাইন রিপোর্ট

সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক মিডিয়া রিলিজে বিসিবি জানায়, কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পিসিবি ও আইসিসির ভূমিকা প্রশংসার দাবি রাখে। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন রাজা নাকভি, বোর্ড কর্মকর্তা ও পাকিস্তানের ক্রিকেটভক্তরা যে সহযোগিতা ও ক্রীড়াসুলভ মনোভাব দেখিয়েছেন, তা উল্লেখযোগ্য।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, “এই সময়ে পাকিস্তানের পক্ষ থেকে যে আন্তরিক সহযোগিতা পাওয়া গেছে, তাতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও দৃঢ় হবে, এটাই আমাদের প্রত্যাশা।”

মিডিয়া রিলিজে আরও জানানো হয়, সাম্প্রতিক আলোচনার ধারাবাহিকতায় বিসিবি পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে, যেন তারা আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলায় অংশ নেয়। বিসিবির মতে, এটি পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে গুরুত্বপূর্ণ।

বিসিবি আশা প্রকাশ করেছে, পারস্পরিক সহযোগিতা, সংহতি ও ক্রীড়াসুলভ আচরণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।

‘খেলা’ : আরও খবর

» ডিআরইউ ব্যাডমিন্টন

সম্প্রতি