দক্ষিণ আফ্রিকা জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের দশম আসর শুরু করতে পারলেও, ব্যর্থ হয় আফগানিস্তান। তাই প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে আফগানরা। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে প্রোটিয়ারা। আহমেদাবাদে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
নিজেদের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ৪ উইকেটে ২১৩ রান তুলে
৫৭ রানের সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২/৬ রান তুলে ৫ উইকেটে হারে আফগানিস্তান। কানাডার বিপক্ষে সহজে জিতলেও, আফগানিস্তান ম্যাচ নিয়ে সর্তক দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক মার্করাম বলেন, ‘আফগানিস্তান শক্তিশালী দল। তাদেরকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলবো এবং টানা দ্বিতীয় জয় তুলে নিতেই মাঠে নামবো।’
নিউজিল্যান্ডের কাছে হারের দুঃস্মৃতি ভুলে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিতে মরিয়া আফগানিস্তান।
দলের ওপেনার ও উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ বলেন, ‘প্রথম ম্যাচে ছোট ছোট ভুলে আমরা হেরেছি। আশা করছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচের ভুলের পুনরাবৃত্তি হবে না এবং তিন বিভাগেই দল ভালো পারফরমেন্স করবে। জয় নিয়েই মাঠ ছাড়ার লক্ষ্য আমাদের।’
এখন পর্যন্ত টি-২০তে তিনবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। বিশ্বকাপ মঞ্চে হওয়া সবগুলো ম্যাচই জিতেছে প্রোটিয়ারা।
রাজনীতি: কটিয়াদীতে জামায়াতের নির্বাচনী জনসভা