বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পিসিবি, আইসিসি এবং সংশ্লিষ্ট সবাই যে ইতিবাচক ভূমিকা রেখেছে, তার জন্য বোর্ড আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নকভি, তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি ‘গভীর ও হৃদয়স্পর্শী কৃতজ্ঞতা’ প্রকাশ করেছে বিসিবি। এই সময়জুড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ক্রীড়াসুলভ মনোভাব, সহমর্মিতা ও সংহতির পরিচয় দিয়েছে, তা প্রশংসনীয় বলেও উল্লেখ করা হয়।
বিসিবি সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘এই সময়টাতে বাংলাদেশকে সহযোগিতা করতে পাকিস্তান যে অতিরিক্ত উদ্যোগ নিয়েছে, তাতে আমরা গভীরভাবে আবেগাপ্লুত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘদিন বিকশিত হোক।’ তিনি আরও জানান, পাকিস্তান সফর শেষে আলোচনার সম্ভাব্য ইতিবাচক ফলাফলের প্রেক্ষিতে তিনি পাকিস্তানকে অনুরোধ করেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত আইসিসি টি-২০ বিশ্বকাপের ম্যাচটি আয়োজন করার জন্য। তার ভাষায়, “পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থেই এই ম্যাচটি হওয়া প্রয়োজন।’