image
অনুশীলনে ভারতীয় দল

পাকিস্তান ম্যাচের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে ভারত

সংবাদ স্পোর্টস ডেস্ক

অনেক টানাপোড়েনের পর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে ।

এবার অপেক্ষা মাঠের লড়াইয়ের। আগামী রোববার কলম্বোতে লড়াই।

চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে ভারত।

দলটির বাঁহাতি ব্যাটার তিলাক ভার্মা বলেছেন, সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে ক্রিকেট আঙ্গিনায় তোলপাড় ফেলে দিয়েছিলো পাকিস্তান। অনেক জল ঘোলা হওয়ার পর গত সোমবার নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় তারা।

এমনিতে পাকিস্তানের বিপক্ষে এখনও একতরফা আধিপত্য দেখা যায় ভারতের। টি-২০ বিশ্বকাপেই আটবারের দেখায় সাতবারই জিতেছে ভারত। সর্বশেষ এশিয়া কাপে ফাইনালসহ তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় নিয়ে মাঠে ছাড়ে দলটি।

গত সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে দারুণ ব্যাটিং করেন তিলাক। রান তাড়ায় চারে নেমে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। চারটি ছক্কা ও তিনটি চারে ৫৩ বলে খেলেন ৬৯ রানের চমৎকার ইনিংস। কয়েদিন আগে তিলাক বলেন, ওই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে থেকেই ঘামছিলেন তিনি, ভুগছিলেন স্নায়ুরচাপে। তবে এবার তার অনুভূতি ভিন্ন।

পাকিস্তানের বিপক্ষে আরেকটি লড়াইয়ের আগে ২৩ বছর বয়সী ক্রিকেটার বলেছেন, ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন তারা।

‘সত্যি বলতে, আমরা ম্যাচটি খেলতে খুবই রোমাঞ্চিত। ম্যাচটা যে হবে, সেটা আমরা আগের দিন (সোমবার) জানতে পেরেছি। আমরা খেলতে প্রস্তুত। সব দলকে পর্যবেক্ষণ করছি। বোলার আর ব্যাটারদের দেখছি। সব খেলোয়াড় এবং দলের সদস্যরা খেলতে প্রস্তুত। এখন আমরা পুরোপুরি ম্যাচের মধ্যে ঢুকে পড়েছি। পরিকল্পনা এখন থেকেই শুরু হবে।’

‘আমরা একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি। দেখা যাক, ভিডিও বিশ্লেষণ করছি, প্রযুক্তি আছে-কেমন খেলছি, , উইকেট কেমন আচরণ করছে, সবই দেখব, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। দলের প্রতিটি খেলোয়াড়ের আলাদা শট থাকে, তাই উইকেট অনুযায়ী কোন শট খেলতে হবে এবং কোন বোলারদের টার্গেট করতে হবে-সেটা ঠিক করছি।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি