কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে লজ্জার হার বার্সেলোনার। আতলেতিকো মাদ্রিদের কাছে ০-৪ ব্যবধানে হেরে গেলো বার্সেলোনা। গতকাল বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আতলেতিকোর। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় তারা। কোচিং জীবনে সবচেয়ে বড় ব্যবধানে হারলেন হ্যান্সি ফ্লিক। শুরু থেকেই আগ্রাসী ছিলেন আতলেতিকো ফুটবলাররা। তাদের একের পর আক্রমণে চাপ তৈরি হয় বার্সেলোনার ডিফেন্সে। তাতেই ভুল করে বসেন এরিক গার্সিয়া। তার আত্মঘাতী গোলে ৭ মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। বার্সেলোনা গুছিয়ে ওঠার আগেই ১৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন আতলেতিকোর আঁতোয়া গ্রিজম্যান। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরেও আগ্রাসী ফুটবল থেকে সরে যায়নি আতলেতিকো। বার্সেলোনার ডিফেন্সকে সমানে চাপে রাখে তারা। ৩৩ মিনিটে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আদেমোলা লুকম্যান। এর পর প্রথমার্ধের সংযুক্ত সময়ে আতলেতিকোর পক্ষে চতুর্থ গোল জুলিয়ান অ্যালভারেজের।
কোপা দেল রের গত আসরেও সেমিফাইনালে দেখা হয়েছিল এই দুই দলের। প্রথম লেগে ঘরের মাঠে রোমাঞ্চকর ৪-৪ ড্রয়ের পর, ফিরতি লেগে ১-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল বার্সেলোনা। পরে রেয়াল মাদ্রিদকে হারিয়ে তারা উঁচিয়ে ধরেছিল ট্রফি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে আগামী ৩ মার্চ কাম্প নউয়ে ফিরতি লেগে অসাধারণ কিছু করে দেখাতে হবে ফ্লিকের দলকে। ১৯৫৩ সালের পর প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমার্ধেই ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। সে বার লা লিগার ম্যাচে বার্সেলোনাকে প্রথমার্ধেই ৪ গোল দিয়েছিল রেয়াল মাদ্রিদ। ১৯৪৯-৫০ মৌসুমে আতলেতিকোও একটি ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।