ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ রোববার
চলমান বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার স্পিনারদের বিপক্ষে সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটাররা। এবার সামনে পাকিস্তান। সালমান আলি আগার দলে বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছেন। তবে পাক স্পিনারদের তেমন গুরুত্ব দিতে চান না ভারতীয় বরুণ চক্রবর্তী। যদিও পাকিস্তানের একটি সুবিধার কথা মেনে নিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার ভারত-নামিবিয়া ম্যাচের পর পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে প্রশ্ন করা হলে বরুণ হাসতে হাসতে বলেন, ‘বিশ্বকাপে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। পরের ম্যাচটার জন সবাই খুব উত্তেজিত। চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’ বরুণ বলেন, ‘আমরা কিন্তু স্পিনের বিরুদ্ধে বেশ শক্তিশালী। আমাদের স্পিন আক্রমণও বেশ ভালো। আমার তো মনে হয় ওদের চেয়ে আমরা একটু হলেও এগিয়ে রয়েছি। ওরা একই পরিবেশে দুটো ম্যাচ খেলেছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ভালো ভাবে। এই সুবিধাটা ওরা পাবে।
তবে আমার বিশ্বাস, দল হিসাবে আমরা ওদের চেয়ে ভাল। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে।’
পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ দলে শাদাব খান, আবরার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব, উসমান তারিকের মতো স্পিনারেরা রয়েছেন। পাকিস্তানের বোলিং আক্রমণের মূল শক্তিই স্পিন। পাক স্পিনারদের হালকা ভাবে নেয় না কোনও দলই। অতীতে ভারতীয় ব্যাটাররাও পাক স্পিনারদের বিপক্ষে সমস্যায় পড়েছেন। তবে সতীর্থদের উপর আস্থা রাখছেন বরুণ।
‘যদিও তারা টানা একই ধরনের কন্ডিশনে খেলছে, সে হিসেবে তারা কিছুটা সুবিধা পেতে পারে। তবুও আমি বিশ্বাস করি, দল হিসেবে আমরা ওদের চেয়ে ভালো করেছি এবং ভালোভাবেই প্রস্তুত আছি।’
এবারের বিশ্বকাপ হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। আর পাকিস্তান তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে কলম্বোতে। সেমিফাইনাল ও ফাইনালে পাকিস্তান উঠলে, ওই দুই লড়াইও হবে কলম্বোতে।