প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। আজ নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই সুপার এইট নিশ্চিত হবে লঙ্কানদের। আবার এ ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে আয়ারল্যান্ড বা শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো একটি ম্যাচে জিম্বাবুয়ে জিতলে বিদায় নিবে অজিরা।
২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে এক জয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার কাছে হারলে জিম্বাবুয়ের শেষ দুই ম্যাচে হার এবং ওমানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সুপার এইটের লড়াইয়ে ভালোভাবে টিকে থাকবে অসিরা।
নিজেদের মাঠ ক্যান্ডিতে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে অস্ট্রেলিয়া। তবে পরের ম্যাচে বড়সড় ধাক্কা খায় । জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরে যায় ট্রাভিস হেড-গ্লেন ম্যাক্সওয়েলরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ওপেনার ব্রায়ান বেনেটের হাফ-সেঞ্চুরিতে ১৬৯/২ রান করে জিম্বাবুয়ে। ৫৬ বলে ৬৪ রান করেন বেনেট। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
মিডল অর্ডারে ম্যাট রেনশর ৪৪ বলে ৬৫ রান করার পরও হার এড়াতে পারেনি অজিরা।
জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ার সুপার এইটে খেলার পথ কঠিন হয়ে পড়ে। আশা বাঁচিয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই অজিদের। কঠিন চ্যালেঞ্জের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দল, এমনটাই জানান অজি পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তিনি বলেছেন, ‘আমরা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। আমাদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। হেরে গেলেও আশা থাকবে, তবে সেটি অন্য দলের পারফরমেন্সের ওপর নির্ভর করবে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফরমেন্স করার বিষয়টি আমাদের ওপর নির্ভর করছে। তাই আমি মনে করি এ ম্যাচে সবাই একসঙ্গে জ্বলে উঠবে এবং জয় নিয়ে মাঠ ছাড়তে পারব আমরা।’
নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ রানে এবং ওমানের বিপক্ষে ১০৫ রানের বড় ব্যবধানে জিতে অন্যতম আয়োজক। হ্যাটট্রিক জয়ের স্বাদ পেলেই সুপার এইট নিশ্চিত হবে লঙ্কানদের।
অস্ট্রেলিয়াকে হারিয়ে হ্যাটট্রিক জয় দিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা। দলের ওপেনার পাথুম নিশাঙ্কা বলেন, ‘প্রথম দুই ম্যাচেই আমরা ভালো করেছি। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে, অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিততে চাই আমরা। আরও একটি জয় পেলেই সুপার এইট নিশ্চিত হবে। টানা তৃতীয় জয়ের জন্যই কাল মাঠে নামবো আমরা।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড ভালো অস্ট্রেলিয়ার। ২৬ বার মুখোমুখি হয়ে লঙ্কানদের বিপক্ষে ১৫ ম্যাচে জিতেছে অজিরা। শ্রীলঙ্কার জয় ১০টিতে।