image

নারী এশিয়া কাপ ফুটবল: প্রস্তুতি ঘাটতিতে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ক্রীড়া বার্তা পরিবেশক

অস্ট্রেলিয়ার মাঠে এএফসি নারী এশিয়ান কাপে অংশ নিতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী মাসে টুর্নামেন্ট শুরুর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় দলটির প্রস্তুতি ও ম্যাচ ফিটনেস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দলটি ২০ ফেব্রুয়ারি সিডনি রওনা দেবে এবং মূল আসর শুরুর আগে ২৭ ফেব্রুয়ারির দিকে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে।

১২ দলের এই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩ মার্চ সিডনিতেই রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। একই ভেন্যুতে তিন দিন পর তাদের প্রতিপক্ষ হবে উত্তর কোরিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৯ মার্চ পার্থে উজবেকিস্তানর বিপক্ষে।

গত আগস্টে ঐতিহাসিকভাবে মূলপর্বে জায়গা নিশ্চিত করার পর দলটির জন্য যে উচ্চাভিলাষী প্রস্তুতি পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল, বাস্তবে তার অনেকটাই বাস্তবায়িত হয়নি।

মায়ানমার থেকে সফল হয়ে ফেরার পর পুরো অভিযানের নাম দেয়া হয়েছিল ‘মিশন অস্ট্রেলিয়া’।

যোগ্যতা অর্জনের পর থেকে চারটি আন্তর্জাতিক ম্যাচই হেরে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ, আর মূল প্রতিযোগিতার আগে রয়েছে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ। অথচ একই গ্রুপের দলগুলো প্রস্তুতিতে অনেক এগিয়ে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের ম্যাচ প্রস্তুতি, ফিটনেস, প্রতিযোগিতামূলক ধার এবং সামগ্রিক প্রস্তুতি মান নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, যা তাদের ঐতিহাসিক এশিয়ান কাপ অভিযানের ওপর ছায়া ফেলতে পারে।

বাংলাদেশ নারী দল তাই ‘মিশন অস্ট্রেলিয়া’ শুরু করতে যাচ্ছে অনেক অনিশ্চয়তা নিয়েই, যেখানে অপেক্ষা করছে এশিয়ার শক্তিধর প্রতিপক্ষরা।

কোচের একগুঁয়েমি অভিজ্ঞদের

দলে নেয়া হয়নি

প্রথম এশিয়ান কাপ টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশের দলের অনুশীলন দুই দিন হলো শুরু হয়েছে। কোচ পিটার বাটলার ঢাকার স্টেডিয়ামে খেলোয়াড়দের নিয়ে ঘাম ঝরাচ্ছেন। কিন্তু তার দলে ঋতুপর্ণাসহ আর কারা আছেন তা এখনও পরিস্কার নয়। বাফুফে মিডিয়া বিভাগ থেকে খেলোয়াড় তালিকা কিংবা অনুশীলন যে শুরু হয়েছে সেটাও জানানো হয়নি! এ নিয়ে বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ রোববার, (১৫ ফেব্রুয়ারী ২০২৬) বলেন, ‘হ্যাঁ, অনুশীলন তো শুরু হয়েছে। তবে কাদের নিয়ে অনুশীলন চলছে তা তো সবাইকে জানানো উচিত। দলটি এশিয়ান কাপে খেলতে যাবে, সবার তো জানতে হবে বিষয়টি। দেখি নওমিকে (ডেপুটি মিডিয়া ম্যানেজার) বলছি আমি।’ এছাড়া অস্ট্রেলিয়ার দলে সাবিনা খাতুন-মাশুরা পারভীনদের মতো অভিজ্ঞ ফুটবলার যারা সর্বশেষ ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে তাদের নেয়া হয়নি বলে জানা গেছে। কোচ পিটার বাটলার কেন অভিজ্ঞদের নেননি তা জানা যায়নি। আগের মতো তার একগুঁয়েমি মনোভাব বজায় রেখেছেন। যদিও এ নিয়ে ইংলিশ কোচের কাছে জবাবদিহিতা চেয়ে কিংবা অনুরোধ করে কিছু হয়নি। তিনি আগের সিদ্ধান্তে অটল।

এদিকে অস্ট্রেলিয়া সফরের আগে থাইল্যান্ডে সপ্তাহ খানেক ক্যাম্প ও একটি অনুশীলন ম্যাচ খেলানোর কথা ছিল বাফুফের। এখন তাও হচ্ছে না। দল ২০ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি অস্ট্রেলিয়া যাবে। সেখানে স্থানীয় একটি ক্লাবের সঙ্গে ম্যাচ খেলার কথা। মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘টিম এখন সরাসরি অস্ট্রেলিয়া যাবে। থাইল্যান্ডে যাওয়ার কথা থাকলেও প্রীতি ম্যাচে দল না পাওয়ায় তা বাতিল করা হয়েছে। এখন ২০ ফেব্রুয়ারির মধ্যে দল সরাসরি সিডনি যাবে। সেখানে স্থানীয় ক্লাবের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।’

বাফুফের চোখে আরেক

প্রবাসী নারী ফুটবলার

সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর পর এবার বাফুফের নজরে আরেক ব্রিটিশ-বাংলাদেশি প্রতিভা শায়লা মদিনা আহমেদ। বাফুফে নারী ফুটবলে প্রবাসীদের অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তারই অংশ হিসেবে এবার বয়সভিত্তিক দলের জন্য এই ফরোয়ার্ডকে বিবেচনা করা হচ্ছে। ২০০৯ সালে জš§ নেয়া ১৬ বছর বয়সী শায়লা বর্তমানে ইংল্যান্ডে নিয়মিত ফুটবল খেলছেন। ২০১৫ সালের আগস্টে তিনি পূর্ণ স্কলারশিপ নিয়ে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব অ্যাস্টন ভিলার মর্যাদাপূর্ণ ‘ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে’। তার আগে শায়লা নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন নর্থহ্যাম্পটন টাউন এফসি গার্লস এলিট একাডেমিতে। ক্লাবটির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে দুই মৌসুমে ১৭ গোল এবং ২২টি অ্যাসিস্ট করেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২০-২১ মৌসুমে তিনি নর্থহ্যাম্পটনের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ হন। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম শায়লার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে এখনই সিনিয়র দলে না খেলিয়ে বয়সভিত্তিক দলে সুযোগ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর সময়সূচি অনুযায়ী শায়লাকে প্রস্তাব দেয়া হবে। তিনি বলেন, ‘আমাদের সামনে সাফ অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ বা ২০ টুর্নামেন্ট আছে। সবকিছু ঠিক থাকলে এই বছরই তাকে দলের সঙ্গে দেখা যেতে পারে।’

‘খেলা’ : আরও খবর

» নামিবিয়াকে হারিয়ে টিকে রইলো যুক্তরাষ্ট্র

» ভারতীয় দলের আচরণের সমালোচনায় মাঞ্জরেকার

সম্প্রতি