বেনফিকার মাঠে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে চ্যাম্পিয়ন্স লীগের প্লে-অফের প্রথম লেগে ১-০তে জিতেছে রেয়াল মাদ্রিদ। তবে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠায় ম্যাচটির আনন্দ অনেকাংশেই ম্লান হয়ে গেছে। ৫০ মিনিটে বক্সের বাঁ দিক থেকে দারুণ কার্লিং শটে টপ কর্নারে বল জড়ান ভিনিসিয়ুস। গোলের পর তার উদযাপন ঘিরে বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর ভিনিসিয়ুস ফরাসি রেফারির কাছে অভিযোগ জানান। রেফারি বর্ণবাদবিরোধী প্রটোকল চালু করে প্রায় ১০ মিনিটের বেশি সময় খেলা বন্ধ রাখেন।
মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়ান টিচুয়ামেনি জানান, ভিনিসিয়ুস সতীর্থদের বলেছেন প্রেস্টিয়ান্নি তাকে ‘বানর’ বলে সম্বোধন করেছেন।
রেয়াল কোচ আরবেলোয় বলেন, ‘ভিনি ভালো আছে, শান্ত আছে। যা হয়েছে, তা কেউই পছন্দ করে না। বেনফিকার খেলোয়াড় কী বলেছে, সেটা তাকেই জিজ্ঞেস করতে হবে। ফুটবল থেকে বর্ণবাদ দূর করতেই হবে।’
ম্যাচের শেষ দিকে তীব্র প্রতিবাদের জন্য বেনফিকা কোচ হোসে মরিনহো লাল কার্ড দেখেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মরিনহো রেয়ালের কোচ ছিলেন। লিসবনে এই জয়ে মাদ্রিদ দ্বিতীয় লেগের আগে সামান্য সুবিধা পেল। লীগ পর্বে বেনফিকার কাছে ৪-২ গোলে নাটকীয় হারের প্রতিশোধও নেয়া হলো।
প্রথমার্ধে ভিনিসিয়ুস অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন। অন্যদিকে গোলরক্ষক কুর্তোয়া ফ্রেডরিক আউরসনেসের দূরপাল্লার শট দারুণভাবে সেভ করেন।
বিরতির আগেই বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন এমবাপ্পে ও আরদা গুলেরকে রুখে দেন। তবে ৫০ মিনিটে ভিনিসিয়ুসের সেই দুর্দান্ত শটে কিছুই করার ছিলোনা ত্রুবিনের।
গোল উদযাপনের সময় দর্শকদের সামনে নাচার কারণে ভিনিসিয়ুস হলুদ কার্ড দেখেন। এরপরই প্রেস্টিয়ান্নির সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রেস্টিয়ান্নি জার্সি মুখে টেনে কিছু বলেন বলে দেখা যায়। ভিনিসিয়ুস রেফারিকে জানান, তাকে স্প্যানিশ শব্দ ‘মোনো’ (অর্থাৎ বানর) বলে ডাকা হয়েছে।
খেলা পুনরায় শুরু হলে বেনফিকা সমর্থকদের দুয়ো শুনতে হয় ভিনিসিয়ুসকে। পরবর্তী সময়ে ত্রুবিন তিনবার তাকে গোল থেকে বঞ্চিত করেন।
৮৫ মিনিটে ভিনিসিয়ুসের দ্বিতীয় হলুদ কার্ডের দাবি জানিয়ে জোরালো আপত্তি করায়বেনফিকার কোচ মরিনহো লাল কার্ড দেখেন। ফলে সাবেক ক্লাবের বিপক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় লেগে তিনি সাইডলাইনে থাকতে পারবেন না।
যুভেন্টাসের হার ৫-২ গোলে
গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের আরেক ম্যাচে যুভেন্টাসের জয়হীন পথচলা আরও দীর্ঘ হয় । তাদেরকে গোলবন্যায় ভাসিয়ে নকআউট শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেল গালাতাসারাই।
প্রতিপক্ষের মাঠে বিরতির আগে পর্যন্ত বেশ ভালো অবস্থানেই ছিলো যুভেন্টাস। কিন্তু বিরতির পরে পথ হারিয়ে, ১০ জনের দল নিয়ে তারা উড়ে যায় ৫-২ গোলে।
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী বুধবার ফিরতি লেগে মাঠে নামবে সেরি আ’র দলটি।
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা