প্রস্তুতির ঘাটতিটুকু নিয়ে এখন আর হা-পিত্যেশ করতে চান না দলের অধিনায়ক আফঈদা খন্দকার। সদ্য সমাপ্ত লীগে সবার খেলার মধ্যে থাকাটা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন উইমেন’স সাফ জয়ী অধিনায়ক। গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ উজবেকিস্তানকে ঘিরেই যে মূল পরিকল্পনা, সেটাও বুঝিয়ে দিলেন তিনি। ‘আপনারা জানেন যে, আমরা কয়েকদিন আগে উইমেন’স লীগ শেষ করেছি। তারপরে যে কয়দিন সময় পেয়েছি, আমরা কোচের কাছে প্র্যাকটিস করেছি। কোচ আমাদেরকে দেখাচ্ছেন আমরা কীভাবে খেলব। যেহেতু আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী-চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান ওরা অনেক শক্তিশালী দল। তো আমরা প্রস্তুতিতে ওভাবেই কাজ করতেছি। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব।’
‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে ফিরে আসতে পারি এবং আমাদের সেরা খেলাটা আমরা খেলতে পারি। আমরা অবশ্যই সেরাটা দেয়ার চেষ্টা করব। আমাদের প্রথম দুটি ম্যাচ খুব শক্তিশালী দলের সাঙ্গে, তবে আমরা উজবেকিস্তানের বিপক্ষে ভালো কিছু করার আশা রাখছি।’
সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী দলে অবদান রাখতে পারবে বলেই বিশ্বাস আফঈদা। নির্ভার থেকে অস্ট্রেলিয়ার আসর খেলার লক্ষ্যও জানালেন তিনি।
‘এশিয়ান পর্যায়ের লীগে ও খেলেছে। তাই আমাদের সাঙ্গে মানিয়ে নিতে ওর কোনো সমস্যা হচ্ছে না। আর এশিয়া কাপের চাপ আমরা ওভাবে নিচ্ছি না। আমরা সব সময় যেভাবে খেলি, মাঠের ভেতর সেভাবেই স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করব।’
মাহফুজা আক্তার কিরণ
ঘাটতির প্রশ্নে অকপট স্বীকারোক্তি দিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। চেষ্টার ত্রুটি রাখেননি বলেও দাবি তার।
‘আমি হতাশ বলব না, তবে আরও বেশি, আরও ভালো ট্রেনিং হলে দল আরও শক্তিশালী হতে পারত। ওই লেভেল থেকে যদি মেয়েদের বাইরে রেখে ট্রেনিং করাতে পারতাম, আরও কিছু প্রস্তুতি ম্যাচ খেলাতে পারতাম, তাহলে আমার তৃপ্তিটা আরও বেশি থাকত। এখন ওই তৃপ্তিটা অবশ্যই নেই। এ জায়গাতে ঘাটতি থেকে গেল।’