বাংলাদেশ পুরুষ দলের প্রবাসীদের অর্ন্তভুক্তির পর এবার প্রথম নারী দলে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। আগামী ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান কাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। আনিকা ছাড়াও চূড়ান্ত দলে নতুন মুখ রয়েছেন আরও দু’জন। আলপি আক্তার এবং সৌরভি আফরিন।
ব্রিটিশ কোচ পিটার বাটলার ২৬ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছেন। সাধারণত ২৩ সদস্যের স্কোয়াড হলেও এবার এএফসি তিনজন বেশি খেলোয়াড় রাখার সুযোগ দিয়েছে।
ঢাকায় দিন কয়েক অনুশীলন করে আনিকা খুশি। বাফুফেকে বলেছেন, ‘ভালো লাগছে। প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, আবহাওয়া আর সব নতুন। কিন্তু আস্তে আস্তে ভালো হয়েছে। প্রথমেই তো একটু অসুবিধা লেগেছে, কিন্তু দিন দিন আরও ভালো হচ্ছে।’ আনিকা বুঝতে শেখার পর থেকে ফুটবল নিয়ে ছিলেন। তাই তখন থেকে স্বপ্ন বুনতে থাকেন- দেশের হয়ে এক সময় খেলবেন, লাল-সবুজ জার্সি পরবেন। এখন সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
আনিকা বলেছেন, ‘ছোট বেলা থেকে আমার লক্ষ্য ছিল বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবো। যেভাবেই হোক খেলবো। এখন আমি খুশি জাতীয় দলের হয়ে অনুশীলন করছি।’
জাতীয় দলে দিনকয়েক থেকে সতীর্থদের সঙ্গে ভালোই ভাব জমিয়েছেন আনিকা। সুইডেন প্রবাসী ফুটবলার বলেছেন, ‘ভালো বন্ধু হয়েছে এখানে। আফঈদা, রিপা, স্বপ্না আর রূপনার কথা বলতে হচ্ছে।’