শনিবার থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ দশম আসরের সুপার এইট পর্ব। কলম্বোতে রাত সাড়ে ৮টায় সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
২০ দল নিয়ে এবারের বিশ্বকাপ শুরু হয়েছিলো। প্রতিটি গ্রুপের সেরা ২টি করে দল সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে।
সুপার এইট পর্বে দুই গ্রুপে আটটি দল মাঠে নামবে। গ্রুপ-১এ আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। গ্রুপ-২এ আছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
গ্রুপ-১এর ম্যাচগুলো ভারতে এবং গ্রুপ-২এর ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায় ।
গ্রুপ পর্বে পাওয়া পয়েন্ট সুপার এইটে যোগ হবে না। শূন্য হাতেই সুপার এইট পর্ব শুরু করবে দলগুলো। জয়ী দল পাবে ২ পয়েন্ট। বৃষ্টির কারণে কোন ম্যাচ যদি অন্তত ৫ ওভার করে খেলা না হয়, তাহলে ম্যাচটি ‘নো রেজাল্ট’ ঘোষণা হবে। সেক্ষেত্রে ম্যাচের দুই দলই ১টি করে পয়েন্ট পাবে।
কোন ম্যাচ টাই হলে সুপার ওভারে অনুষ্ঠিত হবে। সুপার ওভারেও যদি ম্যাচ টাই হয়, তাহলে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত সুপার ওভার চলতে থাকবে।
প্রতিটি গ্রুপে থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ।
সুপার এইটে বৈষম্য! গ্রুপ, সূচি নিয়ে সমালোচিত আইসিসি
সুপার এইট শুরুর আগে সূচি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচিত হচ্ছে আইসিসি। যে ভাবে তারা প্রতিযোগিতার আগে থেকেই বিভিন্ন দলকে বাছাই করে রেখেছিল, তার জেরে সুপার এইটের গ্রুপ দু’টিতে বৈষম্য তৈরি হয়েছে। সেমিফাইনালের আগেই ছিটকে যেতে হবে গ্রুপে সেরা হওয়া দু’টি দেশকে।
বিশ্বকাপ শুরুর আগে আইসিসি আটটি দলকে আগে থেকেই বাছাই করে রেখেছিল। অর্থাৎ তারা সুপার এইটের যোগ্যতা অর্জন করলে কে কোন গ্রুপে যাবে তা ঠিক ছিলো আগে থেকেই। আইসিসি নির্দিষ্ট স্লট (যেমন এ-১, বি-১, সি-১, ডি-১) ঠিক করে রেখেছিল নির্দিষ্ট দলের জন্য। ফলে সুপার এইটে গ্রুপ ১-এ যারা রয়েছে, তারা প্রত্যেকে নিজেদের গ্রুপে জিতেছে। গ্রুপ ২-এ যারা আছে, তারা প্রত্যেকে গ্রুপে রানার্স হয়েছে। ভারতের গ্রুপে প্রত্যেকে সেরা হয়েছে। ফলে সেমিফাইনালের আগে দু’টি গ্রুপ সেরা দল ছিটকে যাবে। অন্য দিকে, দ্বিতীয় হওয়া দলের কাছেও সহজেই ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। এই বাছাই পর্বের কারণে ভালো খেলা দল আলাদা করে কোনও প্রাধান্যই পাচ্ছে না।
দক্ষিণ আফ্রিকা নিজেদের গ্রুপে জিতেছে। কিন্তু তারা বাছাই হিসাবে নিউজিল্যান্ডের নীচে। ফলে সেরা আটটি দল নিশ্চিত হয়ে গেলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলি নিয়ে কারও কোনও আগ্রহই থাকে না। আরও একটি বিষয় উঠে এসেছে। শ্রীলঙ্কা এখনও পর্যন্ত নিজেদের দেশে খেলেছে। কিন্তু সুপার এইটের সূচি অনুযায়ী তারা সেমিফাইনালে উঠলে খেলতে হবে ভারতে।
আইসিসি অবশ্য যুক্তি দিয়েছে নিজেদের মতো। তাদের দাবি, সাংগঠনিক সমস্যার কারণেই এমন করা হয়েছে। মাঠ এবং সূচি নির্দিষ্ট করতে আগে থেকে দল বাছাই করে রাখা জরুরি ছিলো।
অর্থ-বাণিজ্য: বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি এফআইসিসিআই’র