এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে হাঁটুর চোট থেকে সেরে উঠতে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটির এই তারকা চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে ডান হাঁটুর মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টে চোট পান, যার ফলে তাকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে। তবে তার অস্ত্রোপচারের প্রয়োজন নেই এবং পুনর্বাসন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা হামজার ফেরার ব্যাপারে আশাবাদি। কাবরেরা বলেন, ‘আমরা হামজা এবং লেস্টার মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। আশাকরি, তার সেরে ওঠার প্রক্রিয়াটি যথাযথভাবে শেষ হবে।’ সিঙ্গাপুর ম্যাচে হামজার সম্ভাব্য উপস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের ধাপে ধাপে এগোতে হবে। পরিকল্পনা হলো মার্চের মাঝামাঝি সময়ে তার ফেরা। সব ঠিক থাকলে, অন্তত ওই ম্যাচটিতে সে খেলতে পারবে।’ এদিকে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে প্রস্তুতির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের ক্যাম্প এগিয়ে আনার কথা বিবেচনা করছে। ক্যাম্পটি আগামী ২০ মার্চের পরিবর্তে ১৫ মার্চ ঢাকায় শুরু হতে পারে। কাবরেরা ব্যাখ্যা করেন, ‘ঢাকায় কিছু সেশন হবে, এরপর আমরা প্রীতি ম্যাচের জন্য ভিয়েতনামে যাব এবং সেখান থেকে সরাসরি অফিসিয়াল ম্যাচের জন্য সিঙ্গাপুরে যাব।’ এই পরিবর্তনের ফলে জাতীয় দলের ভ্রমণ সূচিতেও পরিবর্তন আসবে। আগামী ২৮ মার্চ সরাসরি সিঙ্গাপুরে যাওয়ার পরিবর্তে বাংলাদেশ দল আগেই ঢাকা ছাড়বে, ভিয়েতনামের মাটিতে প্রীতি ম্যাচ খেলবে এবং সেখান থেকে সরাসরি সিঙ্গাপুরে যাবে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ৩১ মার্চ কাল্লাংয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
অর্থ-বাণিজ্য: সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়লো
অর্থ-বাণিজ্য: টানা দরপতনেও বাজার মূলধন বাড়লো হাজার কোটি টাকা