দেশের কৃতি ক্রীড়া শিক্ষার্থী এবং অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াবিদদের জন্য বিশেষ আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ২০২৫-২৬ অর্থবছরের জন্য “ক্রীড়া শিক্ষা বৃত্তি” এবং “জাতীয় ক্রীড়া ভাতা” প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের যেমন শিক্ষাবৃত্তি দেওয়া হবে, তেমনি দেশের অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ এবং তাদের পরিবারের সদস্যদেরও জাতীয় ক্রীড়া ভাতার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আজ থেকেই নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।
আবেদনের সময়সীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ থাকবে। নির্ধারিত লিংকে প্রবেশ করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
যারা শিক্ষা বৃত্তির জন্য আবেদন করবেন তারা sports-edu.online.info.bd এবং যারা ভাতার জন্য আবেদন করতে ইচ্ছুক তারা sports-allowance.online.info.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবেন।
উল্লেখ্য, প্রতি বছরই জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও মেধাবী শিক্ষার্থীদের এই ধরনের বিশেষ প্রণোদনা দিয়ে থাকে সরকার। এবারের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।