image
দুই অধিনায়ক স্যান্টনার ও শানাকা

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সেমির আশায় মুখোমুখি বুধবার

সংবাদ স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এ ম্যাচে জয়ী দলের সেমিতে খেলার আশা থাকবে। আর হেরে যাওয়া দলের সেমিতে খেলার পথ কঠিন হয়ে পড়বে।

কলম্বোতে ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।

হার দিয়ে সুপার এইট পর্ব শুরু করে শ্রীলঙ্কা। পাল্লেকেলে ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ৫১ রানে হারে স্বাগতিকরা। সেই ম্যাচে ইংল্যান্ডকে ১৪৬ রানে অলআউট করে লঙ্কানরা গুটিয়ে যায় ১৬.৪ ওভারে ৯৫ রানে । ওপরের সারির ছয় ব্যাটারের কেউই ২০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। এই ব্যাটারদের নৈপুন্যেই গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮২ রানের টার্গেট স্পর্শ করেছিল শ্রীলংকা। ৫২ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে অজিদের বিপক্ষে জয়ের নায়ক হয়েছিলেন ওপেনার পাথুম নিশাঙ্কা।

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে লঙ্কানদের জন্য জয় খুবই গুরুত্বপূর্ণ। এমনটা জানেন অধিনায়ক দাসুন শানাকাও। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে নিজেদের ভুলেই আমরা ম্যাচ হেরেছি। ১৪৭ রান করা উচিত ছিল ব্যাটারদের। কিন্তু আমরা বাজে শট খেলে আউট হয়েছি। আশা করছি, পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়বে।’

গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে খেলার টিকেট পায় নিউজিল্যান্ড। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে কিউইরা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

লঙ্কনদের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের আশা ভালভাবে বাঁচিয়ে রাখতে এ ম্যাচের জয়ের লক্ষ্য ব্ল্যাক-ক্যাপসদেরও। দলের মারকুটে ওপেনার ও উইকেটরক্ষক টিম সেইফার্ট বলেন, ‘বৃষ্টির কারণে প্রথম ম্যাচ খেলতে না পারা হতাশার। তবে প্রকৃতির উপর তো কারও হাত নেই। পরের ম্যাচেই মাঠে নামতে মুখিয়ে আছি আমরা। এ ম্যাচ জিতলে সেমির দৌড়ে টিকে থাকতে পারব আমরা। দলের সবাই ম্যাচ জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’

টি-২০তে দু’দলের মধ্যে ২৮ ম্যাচে ১৬টি জিতেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার জয় ৯ ম্যাচে।

২০২২ সালে বিশ্বকাপের মঞ্চে সর্বশেষ দেখা হয়েছিল শ্রীলংকা ও নিউজিল্যান্ডের। সিডনিতে লংকানদের বিপক্ষে ৬৫ রানে জিতেছিল নিউজিল্যান্ড।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি