বুধ ও বৃহস্পতিবার সেমিফাইনাল
টি-২০ বিশ্বকাপ দশম আসরের সেমিফাইনাল আগামীকাল এবং বৃহস্পতিবার। প্রথম সেমিতে কলকাতায় নিউজিল্যান্ডের বাধা টপকে ফাইনালে যাওয়ার আত্মবিশ্বাসে টইটম্বুর দক্ষিণ আফ্রিকা। সেখানে তাদের রোমাঞ্চে বাড়তি রং চড়াচ্ছে ঘরের মাঠে খেলার সুবিধা। আহমেদাবাদকে তো এখন তারা ঘরের মাঠ দাবি করতেই পারে!
এবারের টি-২০ বিশ্বকাপে ৭ ম্যাচের ৫টিই আহমেদাবাদে খেলেছে দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি ছিল দিল্লিতে। সেমিফাইনালে তারা কিউইদের সঙ্গে খেলবে কলকাতায়। সেই লড়াইয়ে উতরে যেতে পারলে আবার আহমেদাবাদেই ফাইনাল।
বিশ্ব মঞ্চে এবার যেভাবে ছুটছে দক্ষিণ আফ্রিকা, তাতে ফাইনালের আশা তারা করতেই পারে। আসরের এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা। এই পথচলায় তারা আহমেদাবাদেই উড়িয়ে দিয়েছে স্বাগতিক ও গতবারের চ্যাম্পিয়ন ভারতকেও।
টি-২০ গত বিশ্বকাপেও অপরাজিত থেকে ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শিরোপার খুব কাছে গিয়ে আশাহত হয় তারা। ব্রিজটাউনে তাদের হৃদয় ভেঙে ট্রফি ঘরে তোলে ভারত।
প্রথম বিশ্বকাপ শিরোপার খোঁজে থাকা দক্ষিণ আফ্রিকাকে এবারের আসরের ফেবারিট মানা হচ্ছে। এই তকমা অনেক সময় বয়ে আনে চাপ। তবে কোচ শুক্রি কনরাড এটিকে আলিঙ্গন করেই নিচ্ছেন।
‘আমি খুশি যে, আমরা ফেবারিট। কারণ আমার সবসময়ই মনে হয়, দক্ষিণ আফ্রিকান দল হিসেবে ফেবারিট হয়েই খেলতে চাই আমরা। আন্ডারডগ হওয়া খুব সহজ। বড় কোনো প্রত্যাশা থাকে না। এখন ফেবারিটের তকমাকে আপন করে নিয়েছি, যদিও এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না।’
‘আমরা যা করছি, সেটা যদি চালিয়ে যেতে পারি সামনের পথচলায় ভাগ্যের সহায়তাও কিছুটা প্রয়োজন, সেটা হলে আশা করি আগামীকাল (সেমিফাইনাল) কাক্সিক্ষত ফল পাব। এরপর আমাদের ঘরের মাঠ আহমেদাবাদে ফাইনাল।’
ফেবারিট তকমা তো আছেই, তাদের পুরোনো এক তকমা নিয়ে আলোচনার সময়ও আবার হয়ে গেছে। সেমি-ফাইনাল বা ফাইনালের মতো ম্যাচগুলই তো ‘চোক’ করার উপযুক্ত মঞ্চ!
চোকিং নিয়ে অবশ্য এখনই প্রশ্ন ছুটে যায়নি কনরাডের দিকে। তবে চোকিংয়ের উৎস যেটি, সেই চাপের প্রসঙ্গ উঠছে বারবারই। দক্ষিণ আফ্রিকা কোচ বললেন, চাপকে তারা এড়িয়ে যাচ্ছেন না, চাপের ভাবনায় ভড়কেও যাচ্ছেন না।
‘চাপ সবসময়ই থাকে। ব্যাপারটি হলো, চাপ কীভাবে সামলানো যায় বা কীভাবে তা সরিয়ে ফেলা যায়। মূল ব্যাপার হলো চাপকে আলিঙ্গন করে নেয়া। ভিন্নভাবে কিছু করব না আমরা। ঠিক একইভাবে নিউ জিল্যান্ডের জন্য প্রস্তুত হব আমরা।’
‘ফেবারিট হিসেবেই আমরা মাঠে নামছি কি না, হয়তো আমরা আসরের একমাত্র অপরাজিত দল বলেই, জানি না, এটাও বাড়তি চাপ যোগ করছে কি না। সেমিফাইনাল মানে এমনিতেই চাপের ম্যাচ। নিউজিল্যান্ডের মতো শীর্ষ দলের সঙ্গে খেলাও চাপের। বাড়তি কোনো চাপ নেই।’
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা