ফিক্সিং সন্দেহে তার নাম জড়িত থাকার অভিযোগে এনামুল হক বিজয়কে খেলা থেকে দুরে রেখেছে বিসিবি। সর্বশেষ বিপিএলের পর আর ঘরোয়া কোনো ক্রিকেটে খেলেননি বিজয়। চলমান বিসিএলে অবশ্য নাম ছিল তার, তবে পবিত্র ওমরা পালনে দেশের বাইরে থাকায় কোনো ম্যাচে দেখা যায়নি তাকে।
দেশে ফিরে মঙ্গলবার, (০৩ মার্চ ২০২৬) শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় বলেন, ‘আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ওমরাহতে গিয়েছিলাম। তাওয়াফ করার সময় আমার সঙ্গে ১০ জন মানুষ কথা বলেছে, এ সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলছে ভাইয়া ঘটনা কী? এটা আসলে কষ্ট দেয়, তারাও একটা সমাধান চায়। কিন্তু আপনারা যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না আমার একটা সমাধান প্রয়োজন।’
বিজয় স্পষ্ট করেছেন টাকার জন্য না সম্মানের জন্যই ক্রিকেট খেলেন তিনি, ‘আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। এখন আমার সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পেতে চাই।’
‘আপনারা যে অসম্মান আমাকে দিয়েছেন গত এক বছর ধরে সেটা যথেস্ট একজন মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে আর সম্মান অর্জন করার মতো মনে হয় না কারোর অবস্থান থাকবে। আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম আমি অনেক বুদ্ধিমান মানুষ। আমি এমন কিছু করেছি কেউ বুঝতে পারছে না, একদম নীরবে।’