image

আজ মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপের দশম আসরের বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। তবে বিশ্বকাপের মঞ্চে এই প্রথম মুখোমুখি হবে না দুই দেশ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০মি.।

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে টানা তিনবার সেমিফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। আগের দুই বিশ্বকাপে সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দল চ্যাম্পিয়ন হয়েছে। দুই দলের মধ্যে প্রথম বড় সাক্ষাৎ অস্ট্রেলিয়ায় ২০২২ টি-২০ বিশ্বকাপের শেষ চারে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অল্প রানের মধ্যে ভারতকে আটকে রাখতে সক্ষম হয়।

২০ ওভারের শেষে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে ভারত। ওপেনাররা শুরুটা ভালো করতে ব্যর্থ হয়। কিন্তু অর্ধশতরান করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন বিরাট কোহলি। তারপর ৩৩ বলে ৬৩ রান করে মোমেন্টাম ঘুরিয়ে দেন হার্দিক পাণ্ডিয়া। ৩ উইকেট নেন ক্রিস জর্ডন। কিন্তু এরপর যা হয় সেটা ভারতীয় দলের জন্য বিভীষিকা। প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং জস বাটলার। বিনা উইকেটে চার ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। টি-২০ ক্রিকেটে ভারতের কষ্টের হারের মধ্যে অন্যতম। হারের পর এই ফরম্যাট নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করার কথা বলেন রোহিত শর্মা।

ঠিক দু’বছর পর বদলা নেয়ার সুযোগ আসে ভারতের সামনে। ২০২৪ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে আবার মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। এবার গায়ানার চ্যালেঞ্জিং পিচে প্রথমে ব্যাট করে ১৭১ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে নাস্তানাবুদ হয় ইংল্যান্ড। ভারতীয় বোলাররা পরিবেশ এবং পরিস্থিতির সদ্ব্যবহার করে। ১৬.৪ ওভারে ১০৩ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব তিনটে করে উইকেট পান। জোড়া উইকেট বুমরার। ৬৮ রানে জেতে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। এই নিয়ে তৃতীয়বার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের শেষ চারে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। বর্তমানে স্কোর ১-১। আগামী বৃহস্পতিবার কে লিড নেয় সেটাই দেখার। হয়ত সেদিনই চ্যাম্পিয়ন পেয়ে যাবে এবারের বিশ্বকাপ।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি