নতুন চ্যালেঞ্জের আগে সিডনির সৌন্দর্য উপভোগ করলেন বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া বার্তা পরিবেশক

সিডনিতে বুধবার, (০৪ মার্চ ২০২৬) অন্যরকম একটি দিন কাটালেন ঋতুপর্ণা-আফঈদারা। যথারীতি সকালে ছুটলেন জুবিলি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রস্তুতি নিতে, সেখানে অবশ্য রিকভারি আর হালকা অনুশীলন হলো। দুপুরে তারা গেলেন সিডনি অপেরা হাউজ, হারবার ব্রিজের মতো দর্শনীয় স্থানে। খেলোয়াড়রা ইচ্ছেমতো ঘুরলেন, ছবি তুললেন। তাদের সঙ্গ দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও।

https://sangbad.net.bd/images/2026/March/04Mar26/news/Untitled-2%20%281%29.jpg

নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। টেবিলে এই মুহূর্তে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারানো উত্তর কোরিয়া আছে শীর্ষে। চীনের বিপক্ষে ২-০ গোলে হেরে আসা বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। এশিয়ান কাপে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার চেয়ে প্রতিযোগিতাটিতে প্রথমবার খেলতে যাওয়া বাংলাদেশ সব দিক থেকে পিছিয়ে। তবে, চীনের বিপক্ষে লড়াই করে হারের পর দলের মধ্যে বইছে আত্মবিশ্বাসের স্রোত। অনুশীলনে রিকভারির দিকে গুরুত্ব দেয়ার কথা জানিয়ে গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, উত্তর কোরিয়া ম্যাচে পয়েন্ট পাওয়ার লক্ষ্য তাদের।

‘আজ আমরা পুরোপুরি রিকভারি সেশন করেছি। (প্রথম ম্যাচের) ভুলভ্রান্তি নিয়ে কাজ করব। আজ আমরা একটি ভিডিও সেশন করব। চীনের বিপক্ষে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। মেয়েরা মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সব সময় বলি, আমরা মেয়েদের ভাষা বুঝি, কোচিং স্টাফদের কথাগুলো ওরা কতটা সিরিয়াসলি ও আন্তরিকভাবে নিচ্ছে-তারই প্রতিফলন দেখা গেছে মাঠে।’

‘উত্তর কোরিয়ার বিপক্ষে পরের ম্যাচটি আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। ভাগ্য সহায় হলে আর যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে একটি পয়েন্টও আনতে পারি-এই লক্ষ্য নিয়েই মেয়েদের উজ্জীবিত করছি। উত্তর কোরিয়াকে নিয়ে আজ ও কাল কাজ করব। আশা করি, মেয়েরা ভালো করবে।’

দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত দল সময় কাটিয়েছে অপেরা হাউজে। পর্যটকদের জন্য ভীষণ আকর্ষণীয় এই স্থাপনার চত্ত্বরে ঋতুপর্ণা-স্বপ্নারা ছুটে বেড়িয়েছেন ইচ্ছেমতো। ছবি তুলেছেন, ভিডিও করেছেন। এর আগে টিম বাসে চেপে তারা ঘুরতে গিয়েছিলেন সিডনির রয়্যাল বোটানিক গার্ডেনে।

ভ্রমণের সময় আফঈদা খন্দকার, মনিকা চাকমা, কোহাতি কিসকু, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, আইরিন খাতুন, মিলি আক্তার, শিউলি আজিমরা সবাই ইচ্ছেমতো পোষাক পরে পুরোপুরি ‘পর্যটক’ বনে গিয়েছিলেন। সিডনিতে উইমেন’স এশিয়ান কাপ কাভার করতে বাংলাদেশ থেকে আসা গণমাধ্যমকর্মীরা খেলোয়াড়দের আনন্দ, উল্লাসের ছবি তুলে, ভিডিও করেই নিজেদের পেশাগত দায়িত্ব সেরেছেন। খেলোয়াড়রা কেউ দুপুরের ভ্রমণের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি।

পুরোটা সময় মেয়েদের সময় দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি অবশ্য কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। চীনের বিপক্ষে ম্যাচে ঋতুপর্ণার গোলটি না হওয়ার আক্ষেপের কথাও জানালেন তিনি।

‘চীনের বিপক্ষে দল ভালো খেলেছে। ওই ম্যাচে ঋতুপর্ণার গোলটি হলে অনেক কিছু হতে পারত। তবে ওই মুহূর্তটির কারণে চীনও একটু বিস্মিত হয়েছিল এবং তারাও আমাদের সমীহ করতে শুরু করে। সামনের ম্যাচগুলোতেও আশা করি, সবাই ভালো পারফরম্যান্স দেখাবে।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি