image

আমাদের ওয়ানডে ফর্মে অবনতি হয়েছে: মিরাজ

ক্রীড়া বার্তা পরিবেশক

এক সময় ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির কারণে ওয়ানডে ফরম্যাটে খেলোয়াড়দের পারফরমেন্সে নেতিবাচক ভাবে প্রভাব ফেলেছে বলে মনে করেন জাতীয় ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

গত বছরের অক্টোবরে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে খেলেছে বাংলাদেশ। প্রায় পাঁচ মাস পর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছে টাইগাররা। মিরাজ বলেছেন, ‘অস্বীকার করার উপায় নেই, আমাদের ওয়ানডে ফর্মে অবনতি হয়েছে। এটা মূলত গত বছর টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কারণে হয়েছে। আমরা টি-২০ ক্রিকেটের ওপর বেশি মনোযোগ দিয়েছিলাম। ঐ সময় আমরা খুব কম ওয়ানডে ক্রিকেট খেলেছি এবং নিয়মিত ম্যাচ অনুশীলনেরও অভাব ছিল।’

তিনি আরও বলেছেন, ‘কোনো নির্দিষ্ট ফরম্যাটে পর্যাপ্ত ক্রিকেট খেলা না হলে, পারফরমেন্সে ওপর প্রভাব ফেলে। আমাদের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে। তবে আমরা বিশ্বাস করি, এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারব।’

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশের জন্য পাকিস্তানের বিপক্ষে আসন্ন প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে দল ভালো প্রস্তুতি নিয়েছে বলে জানান মিরাজ।

তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে আমরা বিসিএল ওয়ানডে প্রতিযোগিতা খেলেছি। এই পর্যায়ে প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিসিএলের মাধ্যমে আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি। কারণ আমরা খুব ভালো উইকেটে খেলতে পেরেছি।’

মিরাজ আরও বলেন, ‘বিসিএলে একটি ম্যাচে ৩২২ রানের লক্ষ্য তাড়া করা হয়েছে। যা ওয়ানডে ফরম্যাটের জন্য ইতিবাচক লক্ষণ। আমরা টুর্নামেন্টে নিয়মিত ৩শ’ রানও করেছি। যা ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি