তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী সোমবার ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে সফরকারীরা। তরুণদের প্রধান্য দিয়ে দল গড়েছে তারা। এই সিরিজ সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটাররাও প্রস্তুতি নিচ্ছেন।
বৃহস্পতিবার, (০৫ মার্চ ২০২৬) অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন কোচ সোহেল ইসলাম। বাংলাদেশকে হালকাভাবে নেয়ার জন্যই কি তরুণদের স্কোয়াডে সুযোগ দিয়েছে পাকিস্তান? এমন প্রশ্নে তিনি বলেন, ‘না’। যেহেতু শুরু হয়েছে এবং ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, তাদের (পাকিস্তান) নিজস্ব কিছু কৌশল ও পরিকল্পনা রয়েছে। ‘তারা কীভাবে আসলে ক্রিকেটারদের দেখবে, নতুন ক্রিকেটারদের নেয়া যায় কিনা, এগুলো একেকটা নির্ভর করে অথবা তারা কীভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে এবং সেই ক্রিকেটারদের কীভাবে কাজে লাগাবে, সেটা নির্ভর করে।’
পাকিস্তান যে খুব এগিয়ে বাংলাদেশের চেয়ে, সেটা মনে করেন না সোহেল, ‘তিন সংস্করণের মধ্যে আমরা তুলনামূলক ওয়ানডে ভালো খেলি। এটা যেহেতু আমাদের ঢাকা লীগ যেটা হয় এবং ওয়ানডেতে আমাদের আগের রেকর্ডও ভালো এবং যেন দ্রুত মানিয়ে নিতে পারে, সেক্ষেত্রে আমি আশা করতে পারি যে প্রস্তুতি হচ্ছে, সেটা দিয়ে এটা সব দলের জন্য সমান। এমন না যে পাকিস্তান ওয়ানডে খেলার মধ্যে ছিল। এখনও ওয়ানডে খেলছে। তারাও টি-টোয়েন্টির মধ্যে ছিল। এখন এসে খেলছে।’ নাজমুল হোসেন শান্ত দারুণ ছন্দে আছেন বলে মনে করেন সোহেল, ‘একটা ছেলে যখন খারাপ খেলছিল, তার আগে তো ভালো খেলছিল। তাহলে তো সে ভালো খেলার জন্য প্রমাণিত। বাজে সময় যেতেই পারে। সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা দেখতে হবে যে বিপিএলের আগে কী প্রস্তুতি নিয়েছিল বা বিসিএলের আগে কী ধরনের প্রস্তুতি নিয়েছে, সেটাই আর কী। এই যে পাকিস্তান সিরিজে আজ যে অনুশীলনে এল, সেখানে আসলে কী কী চ্যালেঞ্জ হতে পারে, কী কী জিনিস দেখা উচিত, সেই জায়গাগুলো দেখা।’