image

দ্রুততম শতকে বিশ্ব রেকর্ড কিউই ওপেনার ফিন অ্যালেনের

৩৩ বলে ১০০* প্রথম পঞ্চাশ ১৯ বলে, দ্বিতীয় পঞ্চাশ ১৪ বলে

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপের দশম আসরের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন নিউজিল্যান্ড ব্যাটার ফিন অ্যালেন। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি। ৩০৩.০৩ স্ট্রাইক রেটে বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দিয়েছেন অ্যালেন।

গতকাল বুধবার রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ৪৩ বল বাকী থাকতে ৯ উইকেটে সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট পায় নিউজিল্যান্ড। ১০টি চার ও ৮টি ছক্কায় ৩৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন অ্যালেন। ওপেনার হিসেবে নেমে ১৯ বলে হাফ-সেঞ্চুরি করেন অ্যালেন। তবে পরের হাফ-সেঞ্চুরি করতে মাত্র ১৪ বল খেলেন তিনি। ফলে ৩৩ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালেন। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। আগের বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০২৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ইউনিভার্স বস।

টি-২০তে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরিতে গ্লেন ফিলিপসকে পেছনে ফেলেছেন অ্যালেন। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি করেছিলেন ফিলিপস।

টেস্ট প্লেইং দেশগুলোর মধ্যে টি-২০তে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন অ্যালেন। ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে শতক হাঁকিয়েছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

নিউজিল্যান্ডের হয়ে টি-২০তে সর্বোচ্চ সেঞ্চুরিতে কলিন মুনরোর রেকর্ড ম্পর্শ করেছেন অ্যালেন। ৩টি করে সেঞ্চুরির মালিক এখন মুনরো ও অ্যালেন।

বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০ বিশ্বকাপের নক আউট পর্বে সেঞ্চুরি করলেন অ্যালেন। আগের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল শ্রীলঙ্কার তিলকরতেœ দিলশানের। ২০০৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৬ রান করেছিলেন দিলশান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ বলে হাফ-সেঞ্চুরি করে বিশ্বকাপের নক আউট পর্বে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও দখলে নিয়েছেন অ্যালেন। ফলে ভেঙে যায় ভারতের যুবরাজের রেকর্ড। ২০০৭ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ২০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন যুবরাজ।

টি-২০তে সবচেয়ে কম ২৭ বলে শতরান রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের সাইপ্রাসের বিপক্ষে। দ্বিতীয় দ্রুততম শতরান তুরস্কের মোহাম্মদ ফাহাদের। ২৯ বলে বুলগেরিয়ার বিপক্ষে শতরান রয়েছে তার। নামিবিয়ার জ্যান নিকোল লফটি-ইটন ৩৩ বলে নেপালের বিপক্ষে শতরান করেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজাও গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে শতরান করেন। গতকাল বুধবার ইডেনে লফটি-ইটন এবং রাজার নজির স্পর্শ করেন অ্যালেন। আইসিসির পূর্ণ সদস্য কোনও দেশের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে দ্রুততম শতরানের নজির গড়েছেন তিনি।

গতকাল বুধবার রাতে ইডেনে জয়ের জন্য ১৭০ রান করতে নেমে নিউজিল্যান্ড ৯.১ ওভারে বিনা উইকেটে ১১৭ রান তোলার পর ওপেনার সেইফআর্ট (৫৮রান,৩৯ বল, ৭চার,২ চক্কা) আউট হলে রাচিন যখন ব্যাট করতে নামেন, তখন কিউইর জয় নিশ্চিত। ব্যাট হাতে ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন রাচিন। তার আগে বল হাতে ২৯ রানে ২ উইকেট নেন। অলরাউন্ডারই এ দিন নিউজিল্যান্ডের সফলতম বোলার। খেলার পর ম্যাচের সেরা পুরস্কার অ্যালেন ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে বলেন, ‘আমার লক্ষ্য ছিল খুব সাধারণ। দলের জন্য পারফর্ম করা আর দলকে ভালো জায়গায় পৌঁছে দেয়া। আমি আর সেইফার্ট দলকে একটা ভালো শুরু দিতে চেয়েছিলাম। যাতে প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করে দেয়া যায়। সে ভাবেই খেলার চেষ্টা করেছি।’ অ্যালেন প্রশংসা করলেন সাইফার্টেরও। বলেন, ‘শুরুটা ও-ই ভালো করেছিল। ওকে তাই বেশি বল খেলার সুযোগ দিচ্ছিলাম। ২২ গজের অন্য প্রান্তে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই আমরা সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি।’

অ্যালেন জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপের আগে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলে তারা লাভবান হয়েছেন। এখানকার আবহাওয়া এবং পিচের সঙ্গে ভালো ভাবে মানিয়ে নিতে পেরেছেন। বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছেন তারা।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি