image

স্যামসনের ক্যাচ ফেলে মাসুল দিয়েছি: ব্রুক

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে হেরে নিজের ভুলের দায় স্বীকার করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ম্যাচটা ৭ রানে হেরে বিদায় নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল।

ইংল্যান্ডের হয়ে জ্যাকব বেথেল আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত পিছিয়েই পড়ে। ইংল্যান্ড ৭ উইকেটে থামে ২৪৬ রানে! ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন সাঞ্জু স্যামসন। তার ৮৯ রানের ঝড়ো ইনিংসই শেষ পর্যন্ত গেম চেঞ্জারে পরিণত হয়েছে। অথচ ম্যাচের শুরুতেই স্যামসনকে ফেরানোর সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তৃতীয় ওভারে মাত্র ১৫ রানে ব্যাটিং করা অবস্থায় তার দেয়া সহজ ক্যাচটি মিড-অনে ফেলে দেন ব্রুক। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ৮৯ রান করেন স্যামসন। অথচ স্যামসনকে ফেরানো গেলে হয়তো আরও আগেই ভারতকে থামানো যেত!

তাই ফিল্ডিংয়ে নিজের ভুল নিয়ে ব্রুক আক্ষেপ করে বলেন, ‘নিশ্চয়ই, আমি স্বীকার করছি স্যামসনের ক্যাচ ফেলে বড় ভুল করেছি। ক্রিকেটে একটা প্রচলিত কথা আছে-ক্যাচ ধরলে ম্যাচ জেতা যায়। কিন্তু আজ মাঠে সেটা আমাদের পক্ষে যায়নি। অন্যদিন হয়তো হয়ে যেত।’

টস জিতেও আগে বোলিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রুক। তার ব্যাখ্যা, শিশিরের প্রভাব থাকতে পারে বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি নতুন পিচে শুরুতে পেসাররা কিছুটা সহায়তা পাবে বলেও মনে করেছিলেন তিনি, ‘আমরা ভেবেছিলাম নতুন পিচে শুরুতে বল একটু থামতে পারে এবং প্রথম ইনিংসে স্পিনারদেরও কিছুটা সহায়তা মিলতে পারে। কিন্তু বল ব্যাটে বেশ ভালোভাবেই আসছিল। ভারতীয় ব্যাটাররা দারুণ খেলেছে। আজকের ম্যাচসহ পুরো টুর্নামেন্টে আমাদের ছেলেরা যেভাবে খেলেছে, তাতে তারা গর্ব করতেই পারে।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি