image
মোহামেডান-ফর্টিস ম্যাচের একটি মুহূর্ত

মোহামেডানকে হারিয়েছে ফর্টিস

ক্রীড়া বার্তা পরিবেশক

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে (বিএফএল) দারুণ ছন্দে থাকা ফর্টিস শনিবার, (০৭ মার্চ ২০২৬) ২-১ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে । আর তাতেই শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ঘাড়ে নিশ্বাস ফেলছে ফর্টিস। দুদলের পয়েন্টই এখন সমান।

এই জয়ের পর ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ফর্টিস। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে বসুন্ধরা কিংসও।

কিন্তু গোল ব্যবধানে ফর্টিসকে পেছনে ফেলে এক নম্বরে অবস্থান করছে তারা। এদিকে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১০ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট।

দিনের একমাত্র ম্যাচে খেলতে নেমে বল দখলে এগিয়ে ছিল মোহামেডানই। আর আক্রমণে প্রায় সমানতালেই খেলেছে দুদল। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন মোহামেডানের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার নিশানা করে ১৬টি শট নেয় তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল চারটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৪৫ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন ফর্টিসের ফুটবলাররা। আর মোহামেডানের গোলবারে শট নেয় মোট ২০টি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ছয়টি।

ম্যাচের প্রথমবার লিড নেয় ফর্টিস। ২২তম মিনিটে গোল করে ফর্টিসকে এগিয়ে নেন গাম্বিয়ান ফুটবলার এসা জ্যালো। প্রথমার্ধে আর কোনো গোলটি হয়নি। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফর্টিস।

এদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে মোহমেডান। কিন্তু মিলছিল না কাক্সিক্ষত গোলের দেখা। উল্টো ৫২তম মিনিটে আরও এক গোল হজম করে সাদা-কালো জার্সিধারীরা। ফর্টিসের হয়ে দ্বিতীয় গোলটিও করেন এসা জ্যালো। ১২ মিনিট পর একটি গোল পরিশোধ করে মোহামেডান। পেনাল্টি কিক থেকে গোলটি করেন মোজাফফারভ। এরপর আর গোল হয়নি। ফলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফর্টিসের।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি