image
ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে শাহীন আফ্রিদি ও মেহেদি মিরাজ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মঙ্গলবার

বিশ্বকাপের পর ‘নতুন সূচনা’ বাংলাদেশ ও পাকিস্তানের

ক্রীড়া বার্তা পরিবেশক

যে কোনো ফরম্যাটের বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজের অর্থ হলো : ‘দুই দলের জন্যই নতুন সূচনা’। মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরুর সময় দুই দলেরই মাথায় থাকবে অভিন্ন বিষয় : ‘নতুন সূচনা’। ম্যাচটি শুরু হবে দুপুর ২.১৫মিনিটে। দুই দল কিন্তু আসলেই নতুনভাবে শুরু করতে যাচ্ছে। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপ থেকে চটজলদিই বিদায় নেয় পাকিস্তান। যে কারণে বিশ্বকাপে খেলা স্কোয়াডের ছয় ক্রিকেটারকে বাদ দিয়ে বাংলাদেশ সফরে তারা নিয়ে এসেছে একেবারেই নতুন ছয় জনকে। ১৫ সদস্যের স্কোয়াডে ছয়জনই নতুন ক্রিকেটার থাকার অর্থ হলো পুরানোরা হয়তো আস্থা হারিয়েছেন। আবার সিরিজের স্বাগতিক বাংলাদেশ দল ‘রাজনৈতিক’ কারণে সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে খেলতে যায়নি। ফলে তিনমাস পর আন্তর্জাতিক অঙ্গনে নামতে যাচ্ছে টাইগাররা। পাকিস্তানের মতো বাংলাদেশ দলের ওডিআই স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। টাইগারদের কোচ মনে করেন, বর্তমান দলটার ব্যাটিং ও বোলিং ইনিংসে দুই এক জায়গায় উন্নতি করতে পারলেই যথেষ্ঠ। বেশ কিছুদিন দলের বাইরে থাকা আফিফ হোসেন ও লিটন কুমার দাসকে এবার মিডল অর্ডারে খেলানো হবে । দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান ইনিংস উদ্বোধনে দলের জন্য বড় স্কোর গড়তে পারলে লিটন কুমার দাস এবং আফিফ হোসেনের জন্য স্কোরবোর্ড এগিয়ে নেয়ার কাজটা সহজ হয়ে যেতে পারে। শেষ তিনটা ওডিআই সিরিজেই ভালো করেছে টাইগারদের বোলিং ইউনিট। সাম্প্রতিক সময়ে বোলিংই বাংলাদেশ দলের মূল শক্তি বলে মনে করা হয়। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ত্রিশ ওভারই হাত ঘোরাতে পারেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। একাদশে দুই স্পেশালিস্ট স্পিনার হিসাবে থাকবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তানভির ইসলাম। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ ‘ধীরগতির’ বলে বদনাম আছে। তেমনটা না হলে পেস ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে আছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। অন্যদিকে পাকিস্তানের স্কোয়াডে ছয়জন নবীন ক্রিকেটারের অন্তর্ভুক্তি ভক্তদের মধ্যে কৌতুহলের জন্ম দিয়েছে। নবীনদের মধ্যে আবার চারজনই স্পেশালিস্ট ব্যাটার।

টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান করা সাহিবজাদা ফারহানই কেবল সবার কাছে চেনা। টপ অর্ডারে ফারহানের সাথে থাকছেন শামিল হোসেন ও মাজ সাদাকাত। টপ অর্ডারে অনভিজ্ঞদের থাকার অর্থ হচ্ছে সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানকে অনেক বেশী দায়িত্ব নিয়ে খেলতে হবে। পেস ডিপার্টমেন্টে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি নতুন বলে এক প্রান্তে পাবেন হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিমকে। তাদের ভোগাবে স্পিন ডিপার্টমেন্ট। এই বিভাগে অভিজ্ঞ স্পিনার বলতে কেবলমাত্র আবরার আহমেদ।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি