image
শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তান দলের প্রস্তুতি

নিজেদের মাঠে সব দলই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামে: আফ্রিদি

ক্রীড়া বার্তা পরিবেশক

সাহিবজাদা ফারহানের অভিষেক অনুমিতই ছিল। শাহিন শাহ আফ্রিদি সেটি নিশ্চিত করে দিলেন। পাকিস্তান অধিনায়ক পাশাপাশি জানালেন, সাহিজবাদার উদ্বোধনী জুটির সঙ্গী ও পরের ব্যাটসম্যানেরও অভিষেক হবে এই ম্যাচ দিয়েই। অলরাউন্ডার মাজ সাদাকাত শুরু করবেন ইনিংস, তিন নম্বরে খেলবেন শামিল হুসাইন। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পাকিস্তান স্কোয়াডে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার আছেন ৬ জন। তাদের মধ্যে কজনকে বাজিয়ে দেখবে দল। সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক আফ্রিদি তা খোলাসা করেই দিলেন।

‘তিনজনের অভিষেক হচ্ছে নিশ্চিতভাবেই। সাহিবজাদা ফারহান থাকবে সেখানে। টি-২০তে সে শীর্ষ পারফরমারদের একজন এবং পাকিস্তানে লিস্ট ‘এ’ ক্রিকেটেও ভালো করছে। তার সঙ্গে ইনিংস ওপেন করবে মাজ সাদাকাত। ওয়ান ডাউনে খেলবে শামিল হুসাইন।’

‘তিনজন অভিষিক্ত থাকবে। আশা করি, তারা সহজাত ক্রিকেট খেলবে এবং নিজেদের স্কিল মেলে ধরবে। দল হিসেবেও আমরা রোমাঞ্চিত পাকিস্তানের হয়ে তাদেরকে দেখতে, শুধু এই সিরিজে নয়, ভবিষ্যদের জন্যও।’

অভিষেকের অপেক্ষায় থাকা বাকি তিনজনের মধ্যে আব্দুল সামাদ ও মুহাম্মাদ গাজি ঘোরি ব্যাটার। প্রথম ম্যাচে তারা থাকছেন না। বাকি একজন লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদকে খেলানো হবে কি না, অনুশীলন শেষ সেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন পাকিস্তান অধিনায়ক। ‘এক ম্যাচে তো ১৫ জনই খেলতে পারবে না। ১৫ জনের সবাইকে নিয়ে খেলতে পারলে তো ভালোই হতো। কিন্তু খেলবে স্রেফ ১১ জন। দলের প্রয়োজন ও পিচের অবস্থা বুঝে একাদশ গঠন করা হবে। আজকে আরেকটি সেশন আছে আমাদের। অনুশীলন দেখে আমরা একাদশ চূড়ান্ত করব।’

পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘অবশ্যই, ঘরের মাঠে যেকোন দলই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে। এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয়, বাংলাদেশের একটি ভালো দল আছে এবং তারা হোম কন্ডিশনে খুব ভালো ক্রিকেট খেলে থাকে।’ তিনি আরও বলেন, ‘ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও অন্যান্য দলকে হারিয়েছে বাংলাদেশ। আমরা দল হিসেবে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সর্বশেষ দুই ওয়ানডে সিরিজ জিতেছি। সম্প্রতি ওয়ানডেতে আমরা ভালো খেলেছি। সেই ধারা অব্যাহত রাখতে চাই।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি