বেহালা খালে স্থায়ী সেতু নির্মাণের দাবি

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহালা গ্রামে খালের ওপর নির্মিত একমাত্র সেতুটি ২০২২ সালের মার্চ মাসে ধসে পড়ার পর চার বছর অতিবাহিত হয়েছে। সেখানে এখনো স্থায়ী সেতু নির্মাণের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দা এবং আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষকে কাঠ ও বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছ।

গ্রামটি চারপাশে খালবেষ্টিত হওয়ায় সেখানকার বাসিন্দারা যোগাযোগের জন্য সেতুটির ওপর নির্ভরশীল। অধিকাংশ বাসিন্দা কৃষিকাজের সঙ্গে যুক্ত। উৎপাদিত ফসল পরিবহন, বাজার-সদাই, চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সবকিছুতেই পাকা সেতুর অভাব বাধা সৃষ্টি করছে। শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং দৈনন্দিন যাতায়াতকারীদের জন্য যাতায়াত কঠিন। বর্ষাকালে সাঁকো পার হওয়া কষ্টসাধ্য।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, সেতু পুনর্নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে। আমরা আশা করতে চাই, কেবল প্রস্তাব পাঠানোর মধ্যেই কাজ থেমে থাকবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরবর্তী পদক্ষেপ নেবে।

গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য নিরাপদ যোগাযোগ অপরিহার্য। বেহালা গ্রামের ক্ষেত্রে সেতুর অভাব দীর্ঘমেয়াদে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উৎপাদনশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় প্রশাসন ও এলজিইডির উচিত প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়নকে দ্রুততর করা। স্থায়ী, নিরাপদ সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও সময়সূচি নির্ধারণ করা।

সম্প্রতি