নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিএনডি খালের ওপর নির্মিত কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুই বছর ধরে বেহাল এ সেতুর অধিকাংশ পাটাতন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও শ্রমজীবী নারী-পুরুষ, জীবনঝুঁকি নিয়ে এ সেতু পার হচ্ছেন। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
উক্ত সেতুর আশপাশের একাধিক আবাসিক এলাকা, নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠান এবং আদমজী ইপিজেডে কর্মরত শ্রমিকদের নিয়মিত যাতায়াতের জন্য এটি একটি প্রয়োজনীয় সংযোগপথ। স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে কয়েক দফা অর্থ সংগ্রহ করে সেতুটি মেরামতের চেষ্টা করেছেন। কিন্তু কাঠের অস্থায়ী সংস্কার দীর্ঘস্থায়ী হয়নি। ফলে বারবার একই সমস্যা ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী সমাধানের উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
নগর ব্যবস্থাপনায় নিরাপত্তা সবার আগে বিবেচনা করা উচিত। ঝুঁকিপূর্ণ স্থাপনা দীর্ঘদিন ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হয় সেতুটি দ্রুত মেরামত করতে হবে, নয়তো টেকসই পাকা সেতু নির্মাণের পরিকল্পনা নিতে হবে। প্রয়োজন হলে অস্থায়ীভাবে চলাচল বন্ধ রেখে বিকল্প নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা যেতে পারে।
দুর্ঘটনা ঘটার পর পদক্ষেপ নেওয়ার চেয়ে আগেভাগে ব্যবস্থা নেওয়াই দায়িত্বশীল প্রশাসনের পরিচয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা। জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া দরকার।
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩২
আন্তর্জাতিক: অভিবাসন আইন কঠোর করছে ইতালি
অর্থ-বাণিজ্য: সুগন্ধি চাল রপ্তানি সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো
অর্থ-বাণিজ্য: তারেক রহমানকে বিজিএমইএ’র অভিনন্দন